ফেনীতে আনসার-ভিডিপির উদ্যোগে ৪ শতাধিক বৃক্ষরোপণ
এম. জহিরুল হক মিলন (ফেনী প্রতিনিধি): ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের লক্ষীয়ারা গ্রাম থেকে কাশিমপুর সড়কে চার শতাধিক চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।
সোমবার (৫ অক্টোবর) দুপুরে ফেনী জেলা আনসার ও ভিডিপির উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
আনসার-ভিডিপি সদর দপ্তরের নির্দেশনা মোতাবেক আয়োজিত এ কর্মসূচিতে নেতৃত্ব দেন ফেনী জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট মোহাম্মদ কামরুল ইসলাম। কর্মসূচিতে সড়কের দুই পাশে আম, জাম, কাঁঠালসহ বিভিন্ন প্রজাতির ৪ শতাধিক ফলজ, বনজ, ঔষধি ও তালগাছের চারা রোপণ করা হয়।
পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং জনসাধারণের মধ্যে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। এ সময় আনসার-ভিডিপির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, কর্মচারী ও সাধারণ সদস্যরা রোপণ অভিযানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তব্যকালে জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, পরিবেশ রক্ষায় গাছের ভূমিকা অপরিসীম। শুধু গাছ রোপণ করলেই হবে না, সেগুলোর সঠিক পরিচর্যাও নিশ্চিত করতে হবে। তিনি আরও জানান, সদর উপজেলার পাশাপাশি সোনাগাজী, ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলায় একযোগে এ বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালিত হয়েছে।
এআইএল/সকালবেলা