গুণী শিক্ষকদের ২ লাখ টাকা ও ক্রেস্ট দিয়ে সম্মানিত করলেন প্রধানমন্ত্রী
অনলাইন ডেস্কঃ বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষ্যে শিক্ষা ও তরুণ সমাজ গঠনে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের ১০১ জন গুণী শিক্ষককে বিশেষ সম্মাননায় ভূষিত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (৫ অক্টোবর) দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত এক বর্ণাঢ্য জাতীয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষকগণের হাতে তিনি এ সম্মাননা তুলে দেন। পুরষ্কার হিসেবে প্রতিজন শিক্ষককে দুই লাখ টাকা নগদ অর্থ ও একটি করে সম্মাননা স্মারক (ক্রেস্ট) প্রদান করা হয়।
এ বছর সারাদেশের মনোনীত শিক্ষকদের মধ্য থেকে জাতীয় স্টিয়ারিং কমিটি ৯৫ জনকে চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত করে। এর পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ বিবেচনায় আরও ৬ জন শিক্ষককে নির্বাচনের মাধ্যমে সম্মানিত করেন। তবে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, তালিকায় থাকা কোনো শিক্ষকের বিরুদ্ধে পরবর্তীতে কোনো অনিয়ম বা বিরূপ তথ্য প্রমাণিত হলে তাঁর নাম ও সম্মাননা তালিকা থেকে বাদ যাবে।
সম্মাননা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. সেলিম ভূঁইয়া এমপি, শিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
প্রাথমিক থেকে শুরু করে উচ্চশিক্ষা ও বিভিন্ন বিশেষায়িত স্তরের শিক্ষকদের অন্তর্ভুক্ত করে এই সম্মাননা তালিকা সাজানো হয়:
প্রাথমিক পর্যায় (১০ জন): ৮ জন সাধারণ প্রাথমিক বিদ্যালয় এবং ২ জন মাদ্রাসা শিক্ষক।
মাধ্যমিক পর্যায় (২০ জন): ১০ জন সাধারণ মাধ্যমিক, ৫ জন কারিগরি শিক্ষায় এবং ৫ জন মাদ্রাসা শিক্ষক।
কলেজ পর্যায় (২৫ জন): ১৫ জন সাধারণ শিক্ষা, ৫ জন কারিগরি শিক্ষা এবং ৫ জন মাদ্রাসা শিক্ষার শিক্ষক।
সাধারণ বিশ্ববিদ্যালয় (২০ জন): ১৮ জন সরকারি বিশ্ববিদ্যালয় এবং ২ জন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক।
চিকিৎসা শিক্ষা (১০ জন): ৫ জন চিকিৎসা মহাবিদ্যালয় (মেডিকেল কলেজ) ও ৫ জন চিকিৎসা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক।
কৃষি ও প্রকৌশল (৬ জন): ৩ জন কৃষি বিশ্ববিদ্যালয় এবং ৩ জন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক।
বিশেষায়িত বিশ্ববিদ্যালয় (৪ জন): বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বিশেষায়িত বিশ্ববিদ্যালয়ের ৪ জন শিক্ষক।
প্রধানমন্ত্রীর মনোনীত তালিকা (৬ জন): প্রধানমন্ত্রী কর্তৃক সরাসরি নির্বাচিত ৬ জন বিশেষ শিক্ষক।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তার বক্তব্যে শিক্ষা খাতের সার্বিক সংস্কার, শিক্ষকতা পেশার সামাজিক মর্যাদা বৃদ্ধি এবং আধুনিক যুগের সঙ্গে তাল মিলিয়ে নতুন প্রজন্মকে গড়ার ওপর বিশেষ আলোকপাত করেন।