ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত
বিশেষ প্রতিনিধি: ঢাকার ধামরাই-কালিয়াকৈর বাইপাস সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ড্রাম ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে মো. খালিদ হোসেন নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। এ ঘটনায় রবিউল নামে তাঁর এক সঙ্গী গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান দুর্ঘটনার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। এর আগে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে বাইপাস সড়কের পাড়াগ্রাম প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত খালিদ হোসেন ধামরাই উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের ছোট বাঙালপাড়া গ্রামের হযরত আলীর ছেলে। তিনি গাজীপুর জেলা পুলিশে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, খালিদ হোসেন মানিকগঞ্জ থেকে মোটরসাইকেলযোগে গাজীপুর কর্মস্থলে ফিরছিলেন। পথে পাড়াগ্রাম এলাকায় পৌঁছালে তাঁর মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি ড্রাম ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দিয়ে ভেতরে ঢুকে যায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক খালিদকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় তাঁর পেছনের আরোহী রবিউলকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ধামরাই থানার ওসি জানান, দুর্ঘটনাস্থল আশুলিয়া থানা এরিয়ার মধ্যে পড়ায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া আশুলিয়া থানা-পুলিশ সম্পন্ন করেছে। দাফনের জন্য মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এআইএল/সকালবেলা