১৫ আগস্ট ঘিরে বিশেষ নিরাপত্তা র‌্যাবের, নিষিদ্ধ সংগঠনের তথ্য সংগ্রহ শুরু

প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ০৯:০৫ অপরাহ্ণ
১৫ আগস্ট ঘিরে বিশেষ নিরাপত্তা র‌্যাবের, নিষিদ্ধ সংগঠনের তথ্য সংগ্রহ শুরু
১৫ আগস্টে সার্বিক নিরাপত্তা নিশ্চিতে গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করেছে র‍্যাব।

১৫ আগস্টকে কেন্দ্র করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে দেশজুড়ে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ও নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিহত করতে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মী, সন্দেহভাজন ব্যক্তি ও উগ্রবাদী গোষ্ঠীর ওপর গোয়েন্দা নজরদারি বাড়নোর পাশাপাশি তাদের তথ্য সংগ্রহ করা হচ্ছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিরাপত্তা সংক্রান্ত এসব প্রস্তুতির তথ্য নিশ্চিত করা হয়।

গোয়েন্দা নজরদারি ও প্রতিরোধমূলক ব্যবস্থা:

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশব্যাপী যেকোনো নিষিদ্ধ ঘোষিত সংগঠন, উগ্রবাদী দল বা কুচক্রী মহল যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সেজন্য প্রতিটি ব্যাটালিয়ন নিজস্ব নিরাপত্তা হুমকি পর্যালোচনা করে সুনির্দিষ্ট নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে।

সংবেদনশীল এলাকাগুলো চিহ্নিত করার পাশাপাশি আগাম তথ্য সংগ্রহের জন্য সোর্স বা এলাকাভিত্তিক ইনফরমার নিয়োগ দেওয়া হয়েছে। স্পর্শকাতর ও অনুষ্ঠানমুখী রুটগুলোতে সাদা পোশাকে গোয়েন্দা দল সার্বক্ষণিক কাজ করছে।

সমন্বয় ও সতর্কতা:

র‌্যাব জানিয়েছে, বিশেষ বিশেষ ক্ষেত্রে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ), স্থানীয় প্রশাসন এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় রেখে কাজ করা হবে। কোনো অনুষ্ঠানে যাতে কোনো নিষিদ্ধ বা উগ্রবাদী গোষ্ঠীর অনুপ্রবেশ ঘটে বিশৃঙ্খলা তৈরি করতে না পারে, সে বিষয়ে কঠোর সতর্কতা অবলম্বন করা হচ্ছে। একই সাথে যেকোনো ধরনের বিস্ফোরকজনিত জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রাখা হয়েছে র‌্যাবের ‘বোম্ব ডিসপোজাল ইউনিট’।

সাইবার পেট্রোলিং ও সাধারণ নাগরিকের প্রতি আহ্বান:

সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর পোস্ট, ছবি বা মন্তব্য ছড়িয়ে যাতে কেউ বিশৃঙ্খলা ও গুজব তৈরি করতে না পারে, সে লক্ষ্যে শক্তিশালী করা হয়েছে র‌্যাবের ‘সাইবার পেট্রোলিং’ ব্যবস্থা। গুজবে কান না দিয়ে নাগরিকের নিরাপত্তার স্বার্থে যেকোনো সন্দেহজনক বস্তু, ব্যক্তি বা কর্মকাণ্ড চোখে পড়লে দ্রুত নিকটস্থ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর অনুরোধ করেছে সংস্থাটি।

মন্তব্য করুন