ময়মনসিংহে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা

প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ণ
ময়মনসিংহে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা

জাকির হোসাইন রাজু, ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহ নগরীর মাসকান্দা এলাকায় প্রকাশ্য দিবালোকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মো. রাব্বী (২৭) নামে এক যুবককে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর আনুমানিক ১২টার দিকে মাসকান্দা পাসপোর্ট অফিসের সামনে এ ঘটনা ঘটে।

নিহত রাব্বী মাসকান্দা জেলা পরিষদ হাইস্কুল রোড এলাকার মোবারক হোসেন ভুট্টুর ছেলে। তিনি একটি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে অধ্যয়নরত ছিলেন এবং পাশাপাশি পাসপোর্ট অফিসের সামনে একটি কম্পিউটারের দোকান পরিচালনা করতেন।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে রাব্বী পাসপোর্ট অফিসের সামনে অবস্থানকালে কয়েকজন সশস্ত্র হামলাকারী তাঁর ওপর হঠাৎ চড়াও হয়। আত্মরক্ষার্থে রাব্বী দৌড়ে নিকটস্থ একটি দোকানে আশ্রয় নিলেও দুর্বৃত্তরা ভেতরে ঢুকে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপায়। পরে হামলাকারীরা পালিয়ে গেলে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় তাঁকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর থেকে মাসকান্দা ও আশপাশের এলাকায় তীব্র আতঙ্ক ছড়ানোর পাশাপাশি থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রতিবেশী সাব্বিরের পরিবারের সঙ্গে নিহত রাব্বীর পরিবারের দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ চলছিল। প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, এই পূর্বশত্রুতার জের ধরেই সাব্বির ও তাঁর ভাই এই হত্যাকাণ্ড চালিয়েছেন বলে প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে।

ওসি আরও জানান, সুরতহাল ও ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে এবং হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দল অভিযানে নেমেছে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন