খুলনা চেম্বার অব কমার্সের নির্বাচন ৫ সেপ্টেম্বর: প্রার্থী তালিকা প্রকাশ

প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ০৮:১১ অপরাহ্ণ
খুলনা চেম্বার অব কমার্সের নির্বাচন ৫ সেপ্টেম্বর: প্রার্থী তালিকা প্রকাশ
খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচনি কার্যক্রম শুরু

অনলাইন ডেস্ক: দীর্ঘদিনের আইনি জটিলতা কাটিয়ে বহুল প্রতীক্ষিত খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচনের সংশোধিত নতুন তফসিল ঘোষণা করেছে নির্বাচন বোর্ড। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৫ সেপ্টেম্বর খুলনা জেলা স্টেডিয়ামে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

নির্বাচনি তফসিলের অংশ হিসেবে গত বুধবার (১২ আগস্ট, ২০২৬) প্রাথমিক মনোনয়নপ্রাপ্তদের বৈধ তালিকা প্রকাশ করে নির্বাচন বোর্ড। প্রকাশিত তালিকায় ৫৫ জন প্রার্থীর নাম বৈধ ঘোষণা করা হলেও বাছাই প্রক্রিয়ায় বাদ পড়েছেন ৪ জন প্রার্থী।

খুলনা চেম্বার অব কমার্স নির্বাচন বোর্ডের চেয়ারম্যান ও বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. শাহীনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, উচ্চ আদালতে দায়ের করা এক রিট পিটিশনের (নং-৮৭৯১/২০২৬) প্রেক্ষিতে চেম্বার নির্বাচনের ওপর এক মাসের স্থগিতাদেশ ছিল। স্থগিতাদেশের সময়সীমা অতিক্রান্ত হওয়ার পর আইনগত বাধা কেটে যাওয়ায় নতুন সংশোধিত তফসিল প্রকাশ ও প্রাথমিক প্রার্থীর তালিকা ঘোষণা করা হয়েছে।

মনোনয়নপ্রাপ্তদের প্রাথমিক তালিকায় সভাপতি পদে মূল প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন তারিকুল ইসলাম জহির ও কাজী হাফিজুর রহমান। সিনিয়র সহ-সভাপতি পদে লড়ছেন বদরুল আলম মার্কিন ও কে এম হুমায়ুন কবির। এছাড়া সহ-সভাপতি পদের প্রতিদ্বন্দ্বী তালিকায় রয়েছেন মইনুল ইসলাম (মঈন জমাদ্দার), ইঞ্জিনিয়ার শেখ শফিকুল ইসলাম তুহিন ও মোশাররফ হোসেন।

অন্যান্য পরিচালক পদের জন্য তালিকায় স্থান পেয়েছেন জুনায়েত খান, শাহিন হাওলাদার, বদরুল আনাম খান, সোহাগ দেওয়ান, কামরুজ্জামান বাবু, ইমাম হোসেন চৌধুরী ময়না, গোলাম আক্কাস, অহেদুজ্জামান খসরু, শেখ কামাল উদ্দিন, নাজমুস সাকিব, মাহবুবুর রহমান, আবু সাঈদ শেখ, রফিকুল ইসলাম, মিজানুর রহমান, শেখ মনজুর হাসান, মাসুদুর রহমান, মামুনুর রশিদ, বেলায়েত হোসেন, জিয়াউর রহমান খান, জি এম আজিজুর রহমান, কুতুব উদ্দিন, এস এম ওবায়দুল্লাহ, আবদুর রউফ, রফিকুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন, তানজিমা জেসমিন, শিকদার জহিরুল ইসলাম, গোলাম কিবরিয়া রিপন, কাজী আবদুস সোবহান, সোলায়মান খান, গাজী শরিফুল ইসলাম, মিজানুর রহমান, এখলাছুর রহমান, জাহিদুর রহমান জাহিদ, সরোয়ার এহসান জিয়া, আলমগীর হোসেন, রবিউল ইসলাম, শাহ মোহাম্মদ মাসুক উল হুদা, মিজানুর রহমান গোলদার, নাজমুস সাকির, মোশাররফ হোসেন, রাজিবুল ইসলাম, আহসান হাবিব, এমদাদুল হক, ওমর খালেদ, ইকবাল হোসেন, শেখ ইমাম হোসেন এবং জাহিদ হাসান।

নির্বাচন বোর্ডের চেয়ারম্যান মো. শাহীনুজ্জামান নির্বাচনি পরবর্তী কার্যক্রম সম্পর্কে জানান, আগামী ১৩ থেকে ১৬ আগস্টের মধ্যে মনোনয়নপত্র বাতিল সংক্রান্ত বিষয়ে আপিল বোর্ডের কাছে আপত্তি দাখিল করা যাবে। এরপর ১৭ আগস্ট আপিল নিষ্পত্তি শেষে বৈধ প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ পাবে। ১৮ ও ১৯ আগস্ট মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময়সীমা নির্ধারণ করা হয়েছে। এরপর ২০ আগস্ট চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ এবং আগামী ৫ সেপ্টেম্বর ভোট গ্রহণ ও ফল প্রকাশ করা হবে।

মন্তব্য করুন