১২ মার্চ জাতীয় সংসদের অধিবেশন: জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ

১২ মার্চ জাতীয় সংসদের অধিবেশন: জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে আগামী ১২ মার্চ জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করা হচ্ছে। আজ রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ এই তথ্য নিশ্চিত করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, জাতীয় সংসদের অধিবেশন শুরুর অন্তত ১৫ দিন আগে রাষ্ট্রপতির প্রজ্ঞাপন জারির বিধান রয়েছে। সেই অনুযায়ী সংসদ সচিবালয় থেকে সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর দপ্তর হয়ে রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে। রাষ্ট্রপতির অনুমোদনের পর ১২ মার্চ অধিবেশন শুরুর বিষয়টি চূড়ান্ত হবে। এটি হবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার পরবর্তী নতুন প্রেক্ষাপটের গুরুত্বপূর্ণ একটি অধিবেশন।

অধিবেশনের কার্যসূচি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এই অধিবেশনে নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হবেন। প্রথা অনুযায়ী অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ থাকবে। এছাড়া অন্তর্বর্তীকালীন সরকারের আমলে জারি করা বিভিন্ন অধ্যাদেশগুলো অনুমোদনের জন্য সংসদে উপস্থাপন করা হবে। তবে নতুন রাষ্ট্রপতি নির্বাচন বা নির্দিষ্ট কোনো স্পিকারের নাম নিয়ে এখনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি বলে তিনি উল্লেখ করেন।

মোহাম্মদপুরের আদাবরে একটি অফিসে সন্ত্রাসী হামলার ঘটনা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "বিষয়টি আমাদের নজরে এসেছে। আমরা তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছি। এ ধরনের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।" এছাড়া পুলিশ প্রশাসনের শীর্ষ পর্যায়ে পরিবর্তনের ইঙ্গিত দিয়ে তিনি জানান, কিছু পরিবর্তন আসবে, তবে এর জন্য কিছুটা সময় প্রয়োজন।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন