কাউকে ছাড় নয়, এমপির সন্তানকে গ্রেপ্তার করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ণ
কাউকে ছাড় নয়, এমপির সন্তানকে গ্রেপ্তার করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

সকালবেলা নিউজ: কাউকে কোনো ধরনের ছাড় দেয়া হচ্ছে না, সংসদ সদস্যের সন্তান হলেও তাকে গ্রেপ্তার করে রিমান্ডে আনা হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাজশাহীতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পুলিশের ভূমিকা তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রতিটি ঘটনার শনাক্তকরণ, অপরাধীকে গ্রেপ্তার, সঠিক তদন্ত এবং বিচারের মুখোমুখি করার কাজ সফলতা ও পেশাদারিত্বের সঙ্গে সম্পন্ন করছে। অনিয়ম রোধে পুলিশে পুরস্কার ও শাস্তির ব্যবস্থা চালু করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, অপরাধে জড়ালে কারও ছাড় নেই, আবার ভালো কাজের জন্য পুরস্কৃতও করা হচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, সরকারের মেয়াদে দেশে কোনো বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম বা হেফাজতে মৃত্যুর মতো ঘটনা ঘটেনি, যা দেশে আইনের শাসন প্রতিষ্ঠার স্পষ্ট প্রমাণ।

অনুষ্ঠিত উপনির্বাচন প্রসঙ্গে মন্ত্রী বলেন, পরিবেশ সম্পূর্ণ শান্তিপূর্ণ ও নিরাপদ রয়েছে এবং ৩০ শতাংশের মতো ভোট কাস্টিংয়ের তথ্য পাওয়া গেছে।

পাহাড়ের পরিস্থিতি ও রাজনৈতিক চক্রান্তের গুঞ্জন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী দৃঢ়তার সঙ্গে জানান, স্বৈরতান্ত্রিক কোনো শক্তিকে এ দেশের জনগণ আর কোনোদিন গ্রহণ করবে না। যারা গণহত্যার সঙ্গে জড়িত, তাদের রাজনীতি করার কোনো সুযোগ নেই। তারা দেশে ফিরে আসার চেষ্টা করলে আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি সতর্ক বার্তা দেন।

এআইএল/সকালবেলা