গাজীপুর সিটি কর্পোরেশনের ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা
মহিউদ্দিন আহমেদ, বিশেষ প্রতিবেদক (গাজীপুর): ২০২৬-২৭ অর্থবছরের জন্য গাজীপুর সিটি কর্পোরেশনের সর্বমোট ৫ হাজার ১০২ কোটি ৩৫ লাখ ৮ হাজার টাকার প্রস্তাবিত বাজেট আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।
আজ রোববার (২৬ জুলাই) দুপুরে নগর ভবনের মিলনায়তনে আয়োজিত এক বাজেট সভায় সিটি করপোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার সমন্বিত এই বাজেট উপস্থাপন করেন।
সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মিজ তিনজিলা খানমের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় আরও বক্তব্য প্রদান করেন সিটি করপোরেশনের সচিব, হিসাবরক্ষণ কর্মকর্তা গোলাম কিবরিয়াসহ অন্যান্য কর্মকর্তা ও বিভিন্ন ওয়ার্ডের সচিবগণ।
বাজেট সভায় ২০২৬-২৭ অর্থবছরের ৫ হাজার ১০২ কোটি ৩৫ লাখ ৮ হাজার টাকার প্রস্তাবিত বাজেটের পাশাপাশি ২০২৫-২৬ অর্থবছরের ৩ হাজার ৪৬৩ কোটি ৬ লাখ ৯৭ হাজার টাকার সংশোধিত বাজেটও তুলে ধরা হয়।
উপস্থাপিত তথ্য অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরে মোট আয়ের লক্ষ্যমাত্রা ৫ হাজার ১০২ কোটি ৩৫ লাখ ৮ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে প্রারম্ভিক স্থিতি ২ হাজার ৪৩৭ কোটি ২৬ লাখ ৩৩ হাজার টাকা, রাজস্ব (সাধারণ তহবিল) থেকে ৪৪৩ কোটি ৩৬ লাখ ৫০ হাজার টাকা, পানি সরবরাহ তহবিল থেকে ৭০ কোটি ৮০ লাখ ৭৫ হাজার টাকা, সরকারি উন্নয়ন খাত থেকে ১৪০ কোটি টাকা এবং বৈদেশিক সহায়তাপুষ্ট ও ডিপিপি (ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রপোজাল) ভিত্তিক প্রকল্প থেকে ২ হাজার ১০ কোটি ৯১ লাখ ৫০ হাজার টাকা আয়ের পরিকল্পনা রয়েছে।
অন্যদিকে, একই অর্থবছরে সর্বমোট ব্যয় ধরা হয়েছে ২ হাজার ৪৮০ কোটি ৪৭ লাখ ৫০ হাজার টাকা। ব্যয়ের খাতগুলোর মধ্যে রাজস্ব (সাধারণ তহবিল) বাবদ ৪১৭ কোটি ৬৯ লাখ ৬০ হাজার টাকা, পানি সরবরাহ খাতে ৭৮ কোটি ৪ লাখ ৭০ হাজার টাকা, সরকারি অনুদানের উন্নয়ন খাতে ১৩৯ কোটি ৭৫ লাখ টাকা, নিজস্ব রাজস্বভিত্তিক উন্নয়ন প্রকল্পে ২৩৬ কোটি ২৫ লাখ টাকা এবং বৈদেশিক সহায়তাপুষ্ট ও ডিপিপিভিত্তিক প্রকল্পে ১ হাজার ৬০৮ কোটি ৭৩ লাখ ২০ হাজার টাকা ব্যয়ের সংস্থান রাখা হয়েছে। হিসাব অনুযায়ী, অর্থবছর শেষে সিটি করপোরেশনের সমাপনী স্থিতি দাঁড়াবে ২ হাজার ৬২১ কোটি ৮৭ লাখ ৫৮ হাজার টাকা।
এদিকে, ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে মোট আয় ধরা হয়েছে ৩ হাজার ৪৬৩ কোটি ৬ লাখ ৯৭ হাজার টাকা এবং মোট ব্যয় ১ হাজার ২৫ কোটি ৮০ লাখ ৬৪ হাজার টাকা। যেখানে সমাপনী স্থিতি রয়েছে ২ হাজার ৪৩৭ কোটি ২৬ লাখ ৩৩ হাজার টাকা।
বাজেট পর্যালোচনায় জানা যায়, পরিকল্পিত নগর উন্নয়ন, শহরের অভ্যন্তরীণ অবকাঠামো সম্প্রসারণ, উন্নত পানি সরবরাহ ব্যবস্থা এবং বৈদেশিক সহায়তাপুষ্ট উন্নয়ন প্রকল্প বাস্তবায়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এই বাজেট কাঠামো সাজানো হয়েছে।
বাজেট উপস্থাপনকালে প্রশাসক মো. শওকত হোসেন সরকার বলেন, “এবারের বাজেট একটি সম্পূর্ণ জনকল্যাণমুখী বাজেট। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্পষ্ট নির্দেশনায় শিল্পনগরী গাজীপুরকে একটি বাসযোগ্য, গ্রিন ও ক্লিন সিটিতে রূপান্তরিত করতে আমরা নানা রূপরেখা বাস্তবায়ন করছি। বিশেষ করে নগরের রাস্তাঘাট উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং মশকনিধনে সর্বোচ্চ জোর দেওয়া হয়েছে।”
|