রাজবাড়ীর পাংশায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা

প্রকাশ: রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৯:০২ অপরাহ্ণ
রাজবাড়ীর পাংশায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা
রাজবাড়ীর পাংশায় ইজিবাইক সিন্ডিকেটের হামলায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন সাংবাদিক মো. আকাশ মাহমুদ (ফাইল ছবি)।

রাসেল মিয়া, রাজবাড়ী: রাজবাড়ীর পাংশায় পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে সংবাদ সংগ্রহ করতে গিয়ে ইজিবাইক চালক সিন্ডিকেটের বর্বরোচিত হামলার শিকার হয়েছেন এক সাংবাদিক।

গতকাল শনিবার রাতে পাংশা পৌর শহরের অতি ব্যস্ততম মৈশালা বাসস্ট্যান্ড এলাকায় এ জঘন্য আক্রমণের ঘটনাটি ঘটে।

হামলার শিকার ওই সাংবাদিকের নাম মো. আকাশ মাহমুদ। তিনি দৈনিক কালের কণ্ঠের রাজবাড়ী জেলা (মাল্টিমিডিয়া) রিপোর্টার, এনপিবি রাজবাড়ী জেলা প্রতিনিধি এবং স্থানীয় দৈনিক মাতৃকণ্ঠের পাংশা উপজেলা প্রতিনিধি হিসেবে সুনামের সঙ্গে কাজ করছেন। উক্ত ঘটনায় শিক্ষার্থী প্রতিনিধি সাগর শিকদারসহ অন্তত ১০ থেকে ১২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহত সাংবাদিক আকাশ মাহমুদ জানান, গত বৃহস্পতিবার এইচএসসি পরীক্ষার্থীদের সঙ্গে স্থানীয় অটোরিকশা (ইজিবাইক) চালকদের একটি চক্র চরম দুব্যবহার ও উসকানিমূলক আচরণ করে। সে বিষয়টির মীমাংসা কল্পে বিকেলে বৈষম্যবিরোধী ছাত্রপ্রতিনিধিরা মৈশালা বাসস্ট্যান্ড এলাকায় ইজিবাইক চালকদের সঙ্গে কথা বলতে যান। একপর্যায়ে চালকরা উত্তেজিত হয়ে ছাত্রদের ওপর লাঠিসোটা নিয়ে চড়াও হয়।

তিনি আরও বলেন, “আমি ঘটনাটির সত্যতা রক্ষায় মোবাইলে ভিডিও করতে গেলে ইজিবাইক চালকরা আমার ওপর অতর্কিত হামলা চালায়। তারা জোরপূর্বক আমার মোবাইল ফোন কেড়ে নিয়ে ধারণকৃত ভিডিও ডিলিট করে দেয় এবং দ্বিতীয় দফায় আমাকে মারধর করে। পরে আমি কোনোমতে দৌড়ে আত্মরক্ষা করি।”

সংঘর্ষে আহত ছাত্রপ্রতিনিধি সাগর শিকদার বলেন, “মৈশালা-লাঙ্গলবাঁধ সড়কে ইজিবাইক চালকদের একটি শক্তিশালী সিন্ডিকেট গড়ে উঠেছে। পরীক্ষায় আসা ছাত্র-ছাত্রীদের সাথে তাদের খারাপ ব্যবহারের ভিডিও ভাইরাল হলে আমরা কথা বলতে গিয়েছিলাম। কিন্তু তারা আমাদের ওপর হামলা চালায়। আমাদের উদ্ধার করতে ও ঘটনা কাভার করতে গিয়ে সাংবাদিক আকাশ মাহমুদও আহত হন।”

ঘটনার সত্যতা নিশ্চিত করে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম জানান, খবর পাওয়ার পরপরই পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহত সাংবাদিক আকাশ মাহমুদ বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ভুক্তভোগীদের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে দ্রুত কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন