চলন্ত মোটরসাইকেলে ভিডিও বানাতে গিয়ে গাইবান্ধায় কনটেন্ট ক্রিয়েটরের মৃত্যু
প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ণ
জাতীয় ডেস্ক : গাইবান্ধার গোবিন্দগঞ্জে চলন্ত মোটরসাইকেলে ঝুঁকিপূর্ণভাবে ভিডিও ধারণ করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে শাওন মিয়া (৩০) নামে এক জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যমের কনটেন্ট ক্রিয়েটর নিহত হয়েছেন।সোমবার (১৭ আগস্ট) বেলা ১১টার দিকে গোবিন্দগঞ্জ-রাজা বিরাট সড়কের উপজেলার শাখাহার ইউনিয়নের 'কারেন্টের মোড়' এলাকায় এই মারাত্মক দুর্ঘটনাটি ঘটে।নিহত শাওন মিয়া পার্শ্ববর্তী বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার দড়িদহ সরদারপাড়া গ্রামের বাসিন্দা শাবলু মন্ডলের ছেলে।পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, শাওন মিয়া দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বাইকিং ও ড্রাইভিং সংক্রান্ত বিভিন্ন কন্টেন্ট তৈরি করে আসছিলেন। তিনি নিজে দ্রুতগতিতে মোটরসাইকেল চালাতেন এবং তাঁর সহযোগীরা তা ভিডিও আকারে ধারণ করতেন, যা পরবর্তীতে তাঁর সোশ্যাল মিডিয়া আইডিতে পোস্ট করা হতো।সোমবার সকালে নিয়মিত কনটেন্ট তৈরির অংশ হিসেবে গোবিন্দগঞ্জ-রাজা বিরাট সড়কে মোটরসাইকেলের চালকের আসন থেকে হাত ছেড়ে দিয়ে চালানো অবস্থায় ভিডিও শ্যুট করছিলেন তিনি। এ সময় আকস্মিকভাবে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে গাড়িটি রাস্তার পাশে থাকা একটি গাছের সঙ্গে সজোরে গিয়ে ধাক্কা খায়। এতে তিনি মাথায় ও শরীরে মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়ে গুরুতর আহত হন।দুর্ঘটনার পর পরই স্থানীয় আশপাশের পথচারীরা দ্রুত এগিয়ে এসে তাঁকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন।দুর্ঘটনা ও মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। নিহতের পরিবারের স্বজনদের ইতিমধ্যেই খবর দেওয়া হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর মরদেহ পরিবারের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে।
|