রাজশাহীতে ১ হাজার তালগাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী
মো. গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি: দেশজুড়ে ক্রমাগত বৃদ্ধি পাওয়া প্রাকৃতিক দুর্যোগ বজ্রপাতের ঝুঁকি হ্রাস এবং পরিবেশ ও জীববৈচিত্র্য সুরক্ষার লক্ষ্যে রাজশাহীতে এক হাজার তালগাছের চারা রোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
গতকাল শনিবার (২৯ আগস্ট ২০২৬) বেলা ১১টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) চত্বরে একটি তালের চারা রোপণ করে এই মহতী কর্মসূচির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, এমপি।
পরিবেশবাদী সংগঠন ‘প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণ ফোরাম’ (এনবিসিএফ) এবং ‘সেন্টার ফর গ্লোবাল এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট’ (সিজিইডি)-এর যৌথ উদ্যোগে দেশজুড়ে এক লাখ তালগাছের চারা রোপণের এক সমন্বিত মহাপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এরই অংশ হিসেবে রাজশাহীর বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা, রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি), রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট), রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল এবং পদ্মা নদীর তীরবর্তী বিস্তৃত এলাকায় এই এক হাজার তালগাছের চারা রোপণ করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের সচিব সোহেল রানা, রাজশাহী ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির অধ্যক্ষ অধ্যাপক ডা. মির্জা মহম্মদ ওয়াসি পারভেজ, সেন্টার ফর গ্লোবাল এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক ড. মো. আব্দুল ওয়াহাব, প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণ ফোরামের সভাপতি অধ্যাপক ডা. বি কে দাম এবং রাজশাহী সরকারি সার্ভে ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. আমীরুল ইসলাম।
রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. খোন্দকার মো. ফয়সাল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দেশব্যাপী এক লাখ তালগাছ রোপণ কর্মসূচির প্রধান সমন্বয়কারী এবং প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণ ফোরামের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক প্রকৌশলী জুনায়েদ আহমেদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু পরিবেশ সুরক্ষায় দীর্ঘমেয়াদি বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ করেন এবং রাজশাহীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের হাতে প্রাতিষ্ঠানিক চত্বরে রোপণের জন্য তালগাছের চারা তুলে দেন।