১৬-১৭ বছর বয়সীদের এনআইডি দিচ্ছে নির্বাচন কমিশন

১৬-১৭ বছর বয়সীদের এনআইডি দিচ্ছে নির্বাচন কমিশন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: বাংলাদেশে বসবাসরত ১৬ ও ১৭ বছর বয়সী নাগরিকদের এখন থেকে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রদানের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। 

১৮ বছর পূর্ণ হওয়ার আগেই তারা এই পরিচয়পত্র হাতে পাবে এবং বয়স ১৮ বছর হওয়া মাত্রই তাদের নাম ভোটার তালিকায় স্বয়ংক্রিয়ভাবে যুক্ত হয়ে যাবে। আজ রবিবার (২২ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয়ের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ থেকে এক পরিপত্রের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

পরিপত্রে বলা হয়েছে, জাতীয় পরিচয় নিবন্ধন আইন, ২০১০ (২০১৩ সালে সংশোধিত) এর ৫ নম্বর ধারার আলোকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন থেকে আবেদনের তারিখে যেসব বাংলাদেশি নাগরিকের বয়স ১৬ বা ১৭ বছর পূর্ণ হয়েছে বা হবে, তারা নিবন্ধনের জন্য আবেদন করতে পারবেন। এর ফলে ১৬ বছর বয়স থেকেই নাগরিকরা এনআইডি সুবিধা ভোগ করতে পারবেন, যা আগে শুধুমাত্র ১৮ বছর বয়সীদের জন্য নির্ধারিত ছিল।

জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (নিবন্ধন ও প্রবাসী) খান আবি শাহানুর খান স্বাক্ষরিত এই আদেশে বিষয়টি সকল আঞ্চলিক, জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাদের জানানো হয়েছে। অবিলম্বে এই প্রক্রিয়া কার্যকর করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে। এই উদ্যোগের ফলে তরুণ নাগরিকদের বিভিন্ন নাগরিক সুবিধা গ্রহণ এবং ব্যাংক অ্যাকাউন্টসহ জরুরি কাজে এনআইডি ব্যবহারের পথ সুগম হলো।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন