ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: দেশের প্রান্তিক ও নিম্ন আয়ের মানুষের সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে ১০ মার্চ থেকে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠক শেষে সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. আবু জাফর মো. জাহিদ হোসেন সাংবাদিকদের এই তথ্য জানান।
প্রাথমিক পর্যায়ে দেশের ১৪টি উপজেলার প্রতিটি থেকে একটি করে ইউনিয়নের একটি নির্দিষ্ট ওয়ার্ডে এই কার্ড বিতরণ করা হবে। এই পাইলট প্রকল্পের মাধ্যমে প্রায় ১০ হাজার পরিবারকে এই সুবিধার আওতায় আনা হচ্ছে। সমাজকল্যাণমন্ত্রী জানান, প্রতিটি ফ্যামিলি কার্ডের বিপরীতে সুবিধাভোগী পরিবার প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা করে আর্থিক সহায়তা পাবে। নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে এই টাকা সরাসরি পরিবারের নারী সদস্যদের হাতে তুলে দেওয়া হবে।
বর্তমানে মাঠ পর্যায়ে ডোর-টু-ডোর বা ঘরে ঘরে গিয়ে তথ্য সংগ্রহের কাজ চলছে। সুবিধাভোগীদের প্রাথমিক প্রস্তুতির জন্য নিচের নথিপত্রগুলো সংগ্রহে রাখতে বলা হয়েছে:
আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র (NID)।
পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
একটি সচল মোবাইল নম্বর।
সরকার জানিয়েছে, কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে সম্পূর্ণ নিরপেক্ষভাবে প্রকৃত অভাবী ও হতদরিদ্র পরিবারগুলোকে এই তালিকায় অন্তর্ভুক্ত করা হচ্ছে। চার মাসের এই পাইলট প্রকল্প সফলভাবে সম্পন্ন হওয়ার পর পর্যায়ক্রমে সারা দেশের সকল উপজেলা ও ওয়ার্ডে এই কার্যক্রম বিস্তৃত করা হবে। এর মাধ্যমে প্রায় ৫০ লাখ পরিবারকে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার, যার জন্য বার্ষিক ব্যয় ধরা হয়েছে প্রায় ১২ হাজার কোটি টাকার বেশি।
সমাজকল্যাণমন্ত্রী আরও স্পষ্ট করেছেন যে, বর্তমানে চলমান অন্যান্য সামাজিক নিরাপত্তা ভাতা (যেমন: বয়স্ক ভাতা, বিধবা ভাতা) যথানিয়মে চালু থাকবে, ফ্যামিলি কার্ড হবে তার অতিরিক্ত একটি বিশেষ সুবিধা।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ