ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মোঃ ইয়াছিন রুবেল, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইনজেকশন প্রয়োগ ও নার্সের অবহেলায় আরোহী নামে ছয় মাস বয়সী এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত শিশু আরোহী চৌমুহনী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের নাজিরপুর এলাকার জহির উদ্দিনের মেয়ে।
নিহত শিশুর মা সালমা আক্তার জানান, আরোহী নিউমোনিয়ায় আক্রান্ত ছিল। সকালে তাকে হাসপাতালে নিয়ে আসা হলে জরুরি বিভাগের নার্সের গাফিলতির কারণে শিশুটির শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে এবং একপর্যায়ে তার মৃত্যু হয়। মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্বজনরা হাসপাতালে এসে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান, এতে সেখানে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। খবর পেয়ে চৌমুহনী পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুর রাজ্জাক ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
চৌমুহনী পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুর রাজ্জাক বলেন, "শিশুটির অবস্থা আগে থেকেই সংকটাপন্ন ছিল। ৩-৪ দিন ধরে তাকে বাড়িতে চিকিৎসা দেওয়া হচ্ছিল। হাতে ক্যানোলা লাগানো অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়। ডাক্তার দেখার আগেই নার্স ক্যানোলাটি পরিষ্কার করতে গেলে শিশুটি মারা যায়। স্বজনরা মৌখিকভাবে গাফিলতির অভিযোগ করেছেন।"
বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. সালেহ আহমেদ সোহেল জানান, কয়েকদিন আগে জ্বরের কারণে শিশু বিশেষজ্ঞ ডা. রফিকুল ইসলাম আরোহীকে হাসপাতালে ভর্তির পরামর্শ দিয়েছিলেন। কিন্তু পরিবার তাকে হাসপাতালে ভর্তি না করে বাইরে থেকে ইনজেকশন দিচ্ছিল। মঙ্গলবার হাসপাতালে আনার সময় শিশুটির হাতের ক্যানোলা ব্লক পাওয়া যায়। সেই ক্যানোলা পরিষ্কার করার সময় শিশুটির মৃত্যু হয়। তবে পরিবারের দাবি, হাসপাতালে ইনজেকশন দেওয়ার কারণেই এই ঘটনা ঘটেছে।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ