ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মো. ফরহাদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি: পবিত্র মাহে রমজান উপলক্ষে অসহায় ও নিম্নআয়ের মানুষের মুখে হাসি ফোটাতে মুন্সীগঞ্জে ব্যতিক্রমী এক আয়োজন করেছে ‘বিক্রমপুর মানবসেবা ফাউন্ডেশন’। সংগঠনটির উদ্যোগে মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে টঙ্গীবাড়ি উপজেলার কামারখাড়া মাঠে মাত্র ১০ টাকার বিনিময়ে পাঁচ শতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
রমজান মাসে নিত্যপণ্যের ঊর্ধ্বগতির বাজারে স্বল্প আয়ের মানুষের কষ্ট লাঘব করতে এই বিশেষ '১০ টাকার ইফতার বাজার' এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে। বিতরণকৃত ইফতার সামগ্রীর প্যাকেজে ছিল পেঁয়াজ, চিনি, চিড়া, মুড়ি, তেল, বুট, ছোলা ও খেজুরসহ মোট ৮ ধরনের পণ্য।
আয়োজকরা জানান, অনেক পরিবার সাহায্যের নামে লাইনে দাঁড়িয়ে পণ্য নিতে সংকোচ বোধ করেন। তাঁদের সম্মান রক্ষার্থে এবং সম্মানের সাথে সহায়তা পৌঁছে দিতেই বিনামূল্যে না দিয়ে প্রতীকী হিসেবে এই ১০ টাকার বিনিময়ে বাজারের আয়োজন করা হয়েছে। স্বল্পমূল্যে ব্যাগভর্তি বাজার পেয়ে উপকারভোগীরা ব্যাপক সন্তোষ প্রকাশ করেছেন। কামারখাড়া এলাকার আব্দুল মান্নান কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, যে ব্যাগটিতে করে বাজার দেওয়া হচ্ছে সেটির দামই ১৫ টাকা, সেখানে মাত্র ১০ টাকায় পুরো মাসের ইফতার সামগ্রী পাওয়া আমাদের জন্য বড় পাওয়া। তারা আমাদের সম্মান দিয়ে বাজার করার সুযোগ করে দিয়েছে।
বিক্রমপুর মানবসেবা ফাউন্ডেশনের সভাপতি আবু বক্কর সিদ্দিক হিরা জানান, এটি তাঁদের পঞ্চম আয়োজন। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই তাঁদের প্রধান লক্ষ্য। মানুষ যেন গর্বের সাথে বাজার করে বাড়ি ফিরতে পারেন, সেই চিন্তা থেকেই এই প্রতীকী মূল্যের বাজার।
অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক মো. বিপ্লব হালদার, প্রতিষ্ঠাতা সদস্য মো. রবিন হাওলাদার, কার্যনির্বাহী সদস্য জসীম মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক রিয়া মনি ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ফাহিম আহমেদসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোর এই কার্যক্রম ভবিষ্যতে আরও বড় পরিসরে করার পরিকল্পনা রয়েছে সংগঠনটির।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ