সাড়ে ১১ হাজার ডাক্তার নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশ: সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৯ অপরাহ্ণ
সাড়ে ১১ হাজার ডাক্তার নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার: দেশের সরকারি হাসপাতালগুলোতে খালি থাকা ১১ হাজার ৪৯৫টি পদে দ্রুত চিকিৎসক নিয়োগের উদ্যোগ গ্রহণ করেছে সরকার।

সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদের প্রশ্নোত্তরে সংসদ সদস্য মো. মোশারফ হোসেনের এক লিখিত প্রশ্নের জবাবে স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এ তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রমের সভাপতিত্বে এ অধিবেশন পরিচালিত হয়।

স্বাস্থ্যমন্ত্রী জানান, সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে চিকিৎসকদের জন্য অনুমোদিত মোট ৪১ হাজার ৮০৬টি পদের মধ্যে বর্তমানে ৩০ হাজার ৩১১ জন কর্মরত রয়েছেন। শূন্য পদগুলো পূরণে ইতোমধ্যে ৪৪তম ও ৪৮তম বিশেষ বিসিএসের পাশাপাশি ৪৫, ৪৬, ৪৭ ও ৫০তম বিসিএসের মাধ্যমে সহকারী সার্জন নিয়োগের প্রক্রিয়া চলমান রয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ড অনুযায়ী দেশে চিকিৎসকের সংখ্যা বৃদ্ধি এবং মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতে সরকার পর্যায়ক্রমে নতুন পদ সৃষ্টির পরিকল্পনাও বাস্তবায়ন করছে।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন