দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ১১

প্রকাশ: সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ণ
দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ১১

আন্তর্জাতিক ডেস্ক: লেবাননের দক্ষিণাঞ্চলীয় নাবাতিয়েহ জেলার কফর রেমানে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুই মাস বয়সী এক শিশু রয়েছে এবং এখনও নিখোঁজ রয়েছেন অন্তত দুজন।

সোমবার (৭ সেপ্টেম্বর) ভোরে কফর রেমানের একটি আবাসিক এলাকা লক্ষ্য করে এ বিমান হামলা চালানো হয়। এর আগে রোববার রাতেও দেইর আল-জাহরানি ও আরব সালিম শহরে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। আরব সালিমের হামলায় কমপক্ষে সাতজন নিহত ও ২০ জন আহত হন। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, হিজবুল্লাহর ড্রোন উৎক্ষেপণ কেন্দ্র লক্ষ্য করে এ অভিযান পরিচালিত হয়েছে।

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তি থাকা সত্ত্বেও লেবাননের সীমান্তে ইসরায়েলি বিমান হামলা অব্যাহত রয়েছে। কফর রেমান থেকে আল জাজিরার স্থানীয় প্রতিনিধি জেইনা খোদর জানান, বিগত ৪৮ ঘণ্টায় হামলা তীব্রতর হওয়ায় সাধারণ বেসামরিক মানুষের প্রাণহানি বাড়ছে এবং পুরো এলাকায় চরম আতঙ্ক ও অনিশ্চয়তা বিরাজ করছে।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন