২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার না দেখালে 'গুম' গণ্য হবে: চিফ প্রসিকিউটর

প্রকাশ: সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ণ
২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার না দেখালে 'গুম' গণ্য হবে: চিফ প্রসিকিউটর

স্টাফ রিপোর্টার: আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাউকে আটক করার ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার না দেখালে এবং আইনি লড়াইয়ের সুযোগ না দিলে সেই অতিরিক্ত সময়কে 'গুম' হিসেবে গণ্য করা হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই কথা জানান।

চিফ প্রসিকিউটর বলেন, 'জোরপূর্বক গুম প্রতিরোধ ও প্রতিকার আইন'-এর সঙ্গে ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়ার কোনো অসংগতি হবে না। গুমসংক্রান্ত সব অভিযোগ ও প্রতিবেদন পুঙ্খানুপুঙ্খ যাচাই-বাছাই করেই আইনি সিদ্ধান্ত নেওয়া হবে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি উল্লেখ করেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা নির্ধারিত ৩০ দিনের মধ্যে আপিল না করায় তাঁর সেই আইনি সুযোগ আর থাকছে না।

উল্লেখ্য, আগের দিন জাতীয় সংসদে মানবাধিকার সুরক্ষা ও গুম প্রতিরোধসহ তিনটি গুরুত্বপূর্ণ বিল পাস হয়। 'জাতীয় মানবাধিকার কমিশন বিল, ২০২৬'-এর মাধ্যমে কমিশনকে আরও শক্তিশালী ও স্বাধীন আইনি কাঠামো দেওয়া হয়েছে।

অন্যদিকে, 'জোরপূর্বক গুম প্রতিরোধ ও প্রতিকার বিল, ২০২৬'-এ জোরপূর্বক গুমের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড নির্ধারণ করা হয়েছে। তবে গুম হওয়া ব্যক্তি মারা গেলে বা পাঁচ বছর নিখোঁজ থাকলে অপরাধীর মৃত্যুদণ্ড কিংবা যাবজ্জীবন কারাদণ্ড এবং ১ কোটি টাকা পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছে। একই সঙ্গে 'সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬'-এ দাতার আজীবন সম্পদ ভোগদখলের অধিকারকে আইনি স্বীকৃতি দেওয়া হয়েছে।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন