মাদক ছাড়ুন, না হয় কালিহাতী ছাড়ুন: ওসি কাইয়ুম
সুমন ঘোষ, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতীতে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি ও মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে এক মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে এলেঙ্গা পৌরসভার পৌলী শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দির প্রাঙ্গণে কালিহাতী থানা, উত্তর পৌলী ইয়াং জেনারেশন সংগঠন ও পৌলী ঘোষপাড়া যুব সংঘ যৌথভাবে এ সমাবেশের আয়োজন করে।
সাবেক গ্রাম সরকার মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম খান সিদ্দিকী। বক্তব্যে মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের উদ্দেশ্যে কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘হয় মাদক ছাড়বেন, না হয় কালিহাতী ছাড়বেন।’
ওসি কাইয়ুম খান সিদ্দিকী আরও বলেন, সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে। মাদক একটি পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়, তাই প্রতি পরিবার ও মহল্লায় মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। অনুষ্ঠানে উপস্থিত দুই শতাধিক স্থানীয় বাসিন্দা পৌলী গ্রামকে সম্পূর্ণরূপে মাদকমুক্ত করার অঙ্গীকার ব্যক্ত করেন।
এআইএল/সকালবেলা