পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বিদায়ি সাক্ষাৎ করেছেন ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। আজ সোমবার (৪ মে ২০২৬) পররাষ্ট্রমন্ত্রীর কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে পররাষ্ট্রমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনার দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের চলমান অগ্রগতি নিয়ে সংক্ষিপ্ত পর্যালোচনা করেন। প্রণয় ভার্মা তাঁর দায়িত্ব পালনকালে ভারত-বাংলাদেশ সম্পর্ককে এগিয়ে নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ধারাবাহিক সহযোগিতার জন্য পররাষ্ট্রমন্ত্রীকে বিশেষ ধন্যবাদ জানান।
সাক্ষাতে দুই দেশের নতুন সক্ষমতা ও আকাঙ্ক্ষাকে কাজে লাগিয়ে আগামীতে এই সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করেন। প্রণয় ভার্মা পুনর্ব্যক্ত করেন যে, বাংলাদেশের সরকার ও জনগণের সঙ্গে ভারত ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী। বিশেষ করে দুই দেশের জাতীয় উন্নয়নের অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্য রেখে জনকল্যাণমুখী সহযোগিতার ধারা অব্যাহত রাখার ওপর তিনি জোর দেন।
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান দুই দেশের সম্পর্ক উন্নয়নে প্রণয় ভার্মার ব্যক্তিগত অবদানের প্রশংসা করেন। একই সঙ্গে তিনি বিদায়ি হাইকমিশনারের পরবর্তী কর্মজীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
জান্নাত/সকালবেলা