আন্তর্জাতিক ডেস্ক: ভারতের সর্বদক্ষিণের রাজ্য কেরালার বিধানসভা নির্বাচনে দীর্ঘ ১০ বছরের বাম শাসনের অবসান ঘটতে যাচ্ছে। ক্ষমতাসীন সিপিএমের দুর্গ ভেঙে বিশাল জয়ের পথে এগিয়ে রয়েছে কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ (UDF) জোট। সোমবার (৪ মে ২০২৬) স্থানীয় সময় সকাল থেকে শুরু হওয়া ভোট গণনায় দেখা গেছে, বিজেপি এই রাজ্যে বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়েছে।
২০১৬ সাল থেকে টানা দুই মেয়াদে কেরালা শাসন করেছে পিনারাই বিজয়নের নেতৃত্বাধীন সিপিএম জোট (LDF)। তবে এবারের নির্বাচনে কংগ্রেসের নেতৃত্বাধীন ইউডিএফ জোট শুরু থেকেই বড় ব্যবধানে লিড বজায় রেখেছে। বর্তমান ট্রেন্ড বজায় থাকলে কেরালায় এককভাবে সরকার গঠন করতে যাচ্ছে কংগ্রেস।
পশ্চিমবঙ্গ এবং আসামে বিজেপি জয়ের সুবাস পেলেও কেরালায় তারা কোনো পাত্তাই পায়নি। মাত্র ২টি আসনে এগিয়ে থেকে বিধানসভায় তাদের উপস্থিতি নামমাত্র হতে যাচ্ছে। বিশ্লেষকদের মতে, কেরালার শিক্ষিত ভোটাররা এবার পরিবর্তনকেই বেছে নিয়েছেন।
গত ৯ এপ্রিল কেরালাসহ তামিলনাড়ু, আসাম এবং পদুচেরিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছিল। আজ ৪ মে নির্ধারিত দিনে সবগুলো আসনের গণনা চলছে। কংগ্রেসের এই জয় জাতীয় রাজনীতিতেও দলটিকে নতুন করে অক্সিজেন দেবে বলে মনে করা হচ্ছে।
চূড়ান্ত ফলাফল ঘোষণা হতে রাত পর্যন্ত সময় লাগতে পারে, তবে এখন পর্যন্ত যে গতি-প্রকৃতি, তাতে কেরালায় কংগ্রেসের জয় কেবল সময়ের ব্যাপার মাত্র।