নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমের নামে গেজেট প্রকাশের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। তবে একই জোটের অন্য প্রার্থী মনিরা শারমিনের দায়ের করা রিটের বিপরীতে আদালত থেকে কোনো সুনির্দিষ্ট নির্দেশনা আসে কি না, তা পর্যবেক্ষণের জন্য আজ সোমবার (৪ মে ২০২৬) সন্ধ্যা পর্যন্ত সময় নিয়েছে কমিশন।
সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ এই তথ্য জানান। তিনি বলেন, “মনিরা শারমিনের পক্ষ থেকে গেজেট স্থগিতের আবেদন জানানো হলেও তাতে আইনি কোনো ভিত্তি বা কজ লিস্টের উল্লেখ নেই। কেবল একটি চিঠির ওপর ভিত্তি করে গেজেট প্রকাশ অনির্দিষ্টকাল আটকে রাখা সম্ভব নয়।”
কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে, আজ সন্ধ্যার মধ্যে যদি আদালত থেকে কোনো স্থগিতাদেশ বা সুনির্দিষ্ট তথ্য না আসে, তবে নুসরাত তাবাসসুমের নামেই গেজেট বিজ্ঞপ্তি জারি করা হবে।
মনিরা শারমিনের আপত্তির বিষয়ে কমিশনার বলেন, “তিনি তার চিঠিতে শুনানির কোনো সুনির্দিষ্ট তারিখ বা সময় উল্লেখ করেননি। এখন পর্যন্ত তিনি আদালত থেকে কোনো আদেশ দাখিল করতে পারেননি।”
যদি গেজেট প্রকাশের পর আদালত থেকে মনিরা শারমিনের পক্ষে কোনো আদেশ আসে, তবে কমিশনের অবস্থান কী হবে—এমন প্রশ্নের জবাবে তিনি জানান, সেক্ষেত্রে কমিশন আদালতের আদেশই শিরোধার্য মনে করবে এবং কোনো আপিল না করে সেই অনুযায়ী ব্যবস্থা নেবে। কিন্তু বর্তমান বাস্তবতায় আইনি কোনো বাধা না থাকায় কমিশন আজই প্রক্রয়াটি শেষ করতে চায়।
নুসরাত তাবাসসুম ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জামায়াতে ইসলামী সমর্থিত ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে মনোনীত হন। তবে জোটের অভ্যন্তরে প্রার্থিতা নিয়ে জটিলতা তৈরি হওয়ায় মনিরা শারমিন আদালতের দ্বারস্থ হন। নির্বাচন কমিশন আজ দিনভর পর্যবেক্ষণের পর বিকেলের পর চূড়ান্ত গেজেট প্রকাশের প্রস্তুতি নিয়ে রেখেছে।