ফ্লোরিডায় নিহত লিমনের দাফনের প্রস্তুতি সম্পন্ন

আমিরুল ইসলাম
প্রকাশ: সোমবার, ০৪ মে ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ণ
ফ্লোরিডায় নিহত লিমনের দাফনের প্রস্তুতি সম্পন্ন

মোঃ ইমরান মাহমুদ, জামালপুর প্রতিনিধি : যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নির্মম হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ দেশে পৌঁছেছে। 

সোমবার (৪ মে) বাদ মাগরিব জামালপুরের মাদারগঞ্জ উপজেলার কড়ইচড়া ইউনিয়নের লালডোবা গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

সোমবার সকাল ৮টা ৪৭ মিনিটে লিমনের মরদেহ বহনকারী ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে আইনি আনুষ্ঠানিকতা শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। বিমানবন্দর থেকে অ্যাম্বুলেন্সযোগে মরদেহ তাঁর গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে। তাঁর মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

লিমন ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় পিএইচডি করছিলেন। গত ১৬ এপ্রিল লিমন ও তাঁর সহপাঠী নাহিদা সুলতানা বৃষ্টি নিখোঁজ হন। পরবর্তীকালে ২৪ এপ্রিল ফ্লোরিডার একটি ব্রিজের নিচ থেকে লিমনের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়। এই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে লিমনের রুমমেট মার্কিন নাগরিক হিশাম আবুগারবিয়েহকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ।

হত্যাকাণ্ডের শিকার অপর শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে। আগামী ৬ মে ফ্লোরিডায় তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন