আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বড় ধরনের চমক দেখিয়েছেন সাবেক তৃণমূল নেতা ও আলোচিত রাজনীতিক হুমায়ুন কবির। মুর্শিদাবাদের রেজিনগর ও নওদা—উভয় আসন থেকেই তিনি বিশাল ব্যবধানে জয়ের পথে রয়েছেন। সোমবার (৪ মে ২০২৬) ভোট গণনায় নিজের জয়ের আভাস পাওয়ার পরপরই সাবেক দল তৃণমূল কংগ্রেসের তীব্র সমালোচনা করেন তিনি।
হুমায়ুন কবির গত বছর মুর্শিদাবাদে অযোধ্যার বাবরি মসজিদের আদলে একটি মসজিদ নির্মাণের ঘোষণা দিয়ে ভারতজুড়ে আলোচনার জন্ম দেন। এই ঘোষণার পর সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার কারণ দেখিয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে দল থেকে বহিষ্কার করেন। তবে দমে না গিয়ে হুমায়ুন কবির ২০২৫ সালের ৬ ডিসেম্বর (বাবরি মসজিদ ধ্বংসের দিন) সেই মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং ‘আম জনতা উন্নয়ন পার্টি’ নামে নতুন দল গঠন করে এবারের নির্বাচনে অংশ নেন।
নির্বাচনী ট্রেন্ডে তৃণমূল কংগ্রেসের ভরাডুবি নিশ্চিত হওয়ার পর হুমায়ুন কবির সাংবাদিকদের বলেন, “তৃণমূল গত ১৫ বছরে যা করেছে, এই ফলাফল তাদের প্রাপ্যই ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর ভাইপোকে (অভিষেক বন্দ্যোপাধ্যায়) অঢেল ক্ষমতা দিয়েছিলেন। তারা সাধারণ মানুষের অর্থ লুট করেছে। ব্রিটিশরা ২০০ বছরে যা লুট করেছে, এরা ১৫ বছরে সেই রেকর্ড ছাড়িয়ে গেছে।”
তিনি আরও যোগ করেন, “আমি পশ্চিমবঙ্গের সাধারণ মানুষকে শুভেচ্ছা জানাই যারা ব্যালটের মাধ্যমে তৃণমূলের এই প্রতারণার জবাব দিয়েছে। যা হচ্ছে তা বাংলার জন্য ভালো।”
নিজের ফলাফল নিয়ে হুমায়ুন কবির বলেন, “আমি দুটি আসনে লড়াই করেছি এবং দুটিতেই জিতব। আজ বিকেলেই আমি জয়ের সার্টিফিকেট নিয়ে ফিরব ইনশাআল্লাহ।”
মুর্শিদাবাদে বাম বা তৃণমূলের শক্ত ঘাঁটিতে হুমায়ুন কবিরের এই উত্থানকে রাজ্যের মুসলিম ভোট ব্যাংক ও আঞ্চলিক রাজনীতির এক বড় পরিবর্তন হিসেবে দেখছেন বিশ্লেষকরা। বিশেষ করে রেজিনগর ও নওদার মতো আসনে স্বতন্ত্র ঘরানার প্রার্থীর জয় তৃণমূলের জন্য বড় ধাক্কা।