শ্যামনগরে অপহৃত পশু চিকিৎসক উদ্ধার, আটক ৩

আমিরুল ইসলাম
প্রকাশ: সোমবার, ০৪ মে ২০২৬, ০৫:২৬ অপরাহ্ণ
শ্যামনগরে অপহৃত পশু চিকিৎসক উদ্ধার, আটক ৩

মেহেদী হাসান মারুফ, সাতক্ষীরা : সাতক্ষীরার শ্যামনগরে অপহরণের ৪৮ ঘণ্টা পর পশু চিকিৎসক গ্রাম ডাক্তার অনিমেষ পরমাণ্যকে উদ্ধার করেছে পুলিশ। 

সোমবার (৪ মে) সকালে উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের যতিন্দ্রনগর পোস্ট অফিস এলাকা থেকে তাঁকে উদ্ধার করা হয়। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৩ জন অপহরণকারীকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন উপজেলার মরাগাং এলাকার শাহিনুর রহমান, গাবুরার মাহমুদুল হাসান ওরফে ডন (সারেন্ডারকৃত বনদস্যু) এবং জব্বার হোসেন।

উদ্ধার হওয়া অনিমেষ পরমাণ্য জানান, গত শনিবার সকালে প্রতিবেশী আশরাফ হোসেন গরু দেখার কথা বলে তাঁকে মরাগাং এলাকায় ডেকে নিয়ে যান। এরপর ট্রলারে করে চোখ ও হাত বেঁধে তাঁকে বনের ভেতরে নিয়ে যাওয়া হয়। সেখানে চারজন মিলে মুক্তিপণ দাবি করে তাঁকে মারধর করে এবং টাকা না দিলে মেরে ফেলার হুমকি দেয়। সোমবার অপহরণকারীরা তাঁকে নিয়ে লোকালয়ের দিকে আসলে পুলিশ তাঁকে উদ্ধার করে।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান জানান, অপহরণের খবর পাওয়ার পর থেকেই পুলিশের একটি চৌকস টিম নিরলসভাবে কাজ করে অনিমেষকে উদ্ধার করতে সক্ষম হয়। এ ঘটনায় ভিকটিম বাদী হয়ে মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে তিনি নিশ্চিত করেছেন।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন