বিচারকদের মতো শিক্ষকদের জন্যও পৃথক পে-স্কেল হবে: শিক্ষামন্ত্রী
সকালবেলা প্রতিবেদক: বিচার বিভাগের মতো শিক্ষকদের জন্যও ভবিষ্যতে পৃথক পে-স্কেল বা স্বতন্ত্র বেতন কাঠামো প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
রোববার (৬ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত স্টিয়ারিং কমিটির সভা শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।
শিক্ষামন্ত্রী বলেন, প্রায় ১১ বছর পর দেশে নতুন পে-স্কেল হতে যাচ্ছে। তবে এতে মূল্যস্ফীতির সঙ্গে যথাযথ সমন্বয় সম্ভব হয়নি, যা নিয়ে মন্ত্রিসভার বৈঠকেও আলোচনা হয়েছে। সেই প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে বিচারকদের মতো শিক্ষকদের জন্যও পৃথক পে-স্কেল প্রবর্তনের পরিকল্পনা রয়েছে সরকারের। এটি একটি বড় সিদ্ধান্ত হওয়ায় পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।
তিনি আরও জানান, শিক্ষক সমাজের জন্য একটি সার্বজনীন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নের প্রক্রিয়া চলছে। সভায় প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিন ও শিক্ষা সচিব আবদুল খালেকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এআইএল/সকালবেলা