আ. লীগ নেতার গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী: রাশেদ খান
নিজস্ব প্রতিবেদক: জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলের লংমার্চে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এক আওয়ামী লীগ নেতার প্রাডো গাড়িতে চড়ে অংশ নিয়েছেন বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।
রোববার (৬ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি করেন।
ফেসবুক পোস্টে রাশেদ খান লেখেন, নাসীরুদ্দীন পাটওয়ারী বিভিন্ন আলোচনায় বলতেন আওয়ামী লীগ নেতাদের সম্পদ ও ঘরবাড়ি দখল করতে হবে। গতকাল তাঁর এক আওয়ামী লীগ নেতার দামি গাড়িতে চড়ে লংমার্চে অংশ নেওয়ার মাধ্যমে সেই কথারই নমুনা মিলল। গাড়িটি নিরাপত্তার বিনিময়ে উপহার হিসেবে দেওয়া হয়েছে, নাকি তা দখলের অংশ—তা খতিয়ে দেখা প্রয়োজন।
তিনি আরও উল্লেখ করেন, লংমার্চ কর্মসূচিতে বৈষম্যবিরোধী গণহত্যার বিচার ও আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো বক্তব্য না দিয়ে উসকানিমূলক পরিবেশ তৈরির চেষ্টা করা হয়েছে। তবে বিএনপি বা দলটির অঙ্গ-সহযোগী সংগঠনের কর্মীরা এ ফাঁদে পা দেয়নি। এ বিষয়ে এনসিপি কোনো সাংগঠনিক পদক্ষেপ নেয় কি না, তা দেখার বিষয়।
এআইএল/সকালবেলা