অক্টোবরে ডেঙ্গুর ধাক্কা সামলাতে এখনই প্রস্তুতি নিতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
স্টাফ রিপোর্টার: চলতি সেপ্টেম্বর মাসের শেষ অথবা অক্টোবর মাসের প্রথম সপ্তাহে দেশে ডেঙ্গু সংক্রমণ সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ পর্যায়ে পৌঁছাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। সম্ভাব্য এ পরিস্থিতি মোকাবিলায় এখনই দেশজুড়ে সামাজিক আন্দোলন এবং বাসাবাড়ি ও কর্মস্থল পরিষ্কারের জোর আহ্বান জানিয়েছেন তিনি।
রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় সংসদের জেনারেল ওসমানী গেটে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তন ও বিগত কয়েক বছরের তথ্য-উপাত্ত বিশ্লেষণে দেখা গেছে, সেপ্টেম্বরের শেষ ও অক্টোবরের শুরুতে ডেঙ্গুর প্রাদুর্ভাব সবচেয়ে বেশি থাকে। তাই এখন থেকেই সচেতন না হলে আগামী মাসে আক্রান্ত ও প্রাণহানির সংখ্যা অনেক বেড়ে যেতে পারে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে স্কাউটস, গার্লস গাইড ও রেড ক্রিসেন্টসহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনকে সঙ্গে নিয়ে দু-এক দিনের মধ্যে সমন্বিত সামাজিক আন্দোলন শুরু করার কথা জানান তিনি। একই সঙ্গে শুধু জরিমানার পথ না ধরে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করার ওপরও গুরুত্ব আরোপ করেন প্রতিমন্ত্রী।
তিনি আরও জানান, ডেঙ্গু রোগীর চিকিৎসা ব্যবস্থাপনায় কোনো শয্যাসংকট নেই। তবে সম্ভাব্য বাড়তি চাপ সামলাতে সোমবার সব জেলার সিভিল সার্জনদের সঙ্গে অনলাইনে বৈঠক করে অতিরিক্ত বেড, পর্যাপ্ত স্যালাইন এবং টেস্ট কিট প্রস্তুত রাখার নির্দেশনা দেওয়া হবে। ইতোমধ্যে প্রায় ৩০০ জন চিকিৎসককে ডেঙ্গু ব্যবস্থাপনার ওপর বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। পাশাপাশি মশক নিধনে স্থানীয় সরকার ও সিটি করপোরেশনগুলোর সঙ্গে সমন্বিত কাজ জোরদার করার কথা জানান তিনি।
এআইএল/সকালবেলা