হজ পালনে গিয়ে ১৩ বাংলাদেশির মৃত্যু

প্রকাশ: বুধবার, ১৩ মে ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ণ
হজ পালনে গিয়ে ১৩ বাংলাদেশির মৃত্যু

পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবে এখন পর্যন্ত ১৩ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ১০ জন পুরুষ ও ৩ জন নারী। বুধবার (১৩ মে) হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বুলেটিনের তথ্য অনুযায়ী, মৃতদের মধ্যে ১১ জন মক্কায় এবং ২ জন মদিনায় মারা গেছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন হলেন—যশোরের মো. আব্দুল মতিন (৫৩), দিনাজপুরের মো. আজহারুল হক (৬৪), সাভারের নুসরাত শারমীন, ঠাকুরগাঁওয়ের নিলুফা বেগম এবং চাঁপাইনবাবগঞ্জের মাহফুজা বেগম। এ ছাড়া রংপুর, জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, টাঙ্গাইল ও জয়পুরহাটের আরও কয়েকজন হজযাত্রী বিভিন্ন সময়ে মক্কা ও মদিনায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রী পবিত্র হজ পালন করবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন সৌদি আরব যাচ্ছেন।

গত ১৮ এপ্রিল ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ বছরের হজ ফ্লাইট কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার ফ্লাইট কার্যক্রম আগামী ৩১ মে পর্যন্ত চলবে। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে ৩০ মে থেকে এবং শেষ হবে ৩০ জুন।

জান্নাত/সকালবেলা