ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে বিপুল ভোটের ব্যবধানে জয়লাভের পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদকে ঘিরে নতুন গুঞ্জন শুরু হয়েছে। রাজনৈতিক মহলে জোরালো আলোচনা চলছে যে, দীর্ঘ নির্বাসন ও আইনি লড়াই শেষে রাজনীতিতে সক্রিয় হওয়া এই হেভিওয়েট নেতা নতুন মন্ত্রিসভায় পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেতে যাচ্ছেন। বিএনপির গুলশান কার্যালয় ও নয়াপল্টনের একাধিক বিশ্বস্ত সূত্র ইঙ্গিত দিয়েছে যে, অভিজ্ঞ এই নেতাকে আন্তর্জাতিক সম্পর্ক জোরদার ও রাষ্ট্র পুনর্গঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব দিতে পারেন দলটির শীর্ষ নেতৃত্ব।
গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত নির্বাচনে সালাহউদ্দিন আহমদ ধানের শীষ প্রতীক নিয়ে ২ লাখ ২০ হাজার ৫৬৬ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের প্রার্থী আব্দুল্লাহ আল ফারুখ পেয়েছেন ১ লাখ ২৪ হাজার ৭২৬ ভোট। প্রায় ৯৫ হাজার ৮৩০ ভোটের ব্যবধানে বড় জয়ের পর গতকাল রাতে তিনি গণমাধ্যমের মুখোমুখি হন। বিজয় নিশ্চিত হওয়ার পর সালাহউদ্দিন আহমদ বলেন, তার দল কোনো ধরনের বিজয়োল্লাস করবে না, কারণ এখন জনগণের প্রত্যাশা পূরণ এবং রাষ্ট্র মেরামতের দায়িত্ব অনেক বেশি। তিনি আরও জানান, দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, আইনের শাসন এবং বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করাই হবে আগামী দিনের প্রধান লক্ষ্য।
সালাহউদ্দিন আহমদ এর আগে ষষ্ঠ, সপ্তম ও অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে টানা তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন এবং বিগত বিএনপি সরকারের যোগাযোগ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। এবার চতুর্থবারের মতো নির্বাচিত হয়ে তিনি মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য হতে যাচ্ছেন—এমন গুঞ্জন এখন সর্বত্র। দলীয় সূত্রগুলো বলছে, পররাষ্ট্রমন্ত্রীর মতো স্পর্শকাতর পদে তার মতো একজন অভিজ্ঞ ও দৃঢ়চেতা নেতার নাম গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। খুব শীঘ্রই দলটির পক্ষ থেকে নতুন মন্ত্রিসভার সদস্যদের আনুষ্ঠানিক নাম ঘোষণা করা হতে পারে।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ