সেই মেহেদী হাসান ও এডিসি রহমত বরখাস্ত
বিশেষ প্রতিবেদক: অনুমতি ছাড়া দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক যুগ্ম পুলিশ কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) এস এম মেহেদী হাসান এবং শিল্পাঞ্চল পুলিশ-২-এর সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মো. রহমত উল্লাহ চৌধুরীকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত পৃথক দুটি প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।
রাষ্ট্রপতির অনুমোদনক্রমে জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, এস এম মেহেদী হাসানকে ২০২৪ সালের ৬ আগস্ট এবং রহমত উল্লাহ চৌধুরীকে ২০২৫ সালের ১০ ফেব্রুয়ারি থেকে ভূতাপেক্ষভাবে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, সাবেক আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপির নয়াপল্টন কার্যালয়ে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ব্যাপকভাবে আলোচিত হন এস এম মেহেদী হাসান। পরবর্তীতে তিনি কুষ্টিয়ার পুলিশ সুপার হিসেবেও দায়িত্ব পালন করেন। সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত থাকাকালে ২০২৪ সালের ৬ আগস্ট থেকে অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত ছিলেন তিনি। বারবার কারণ দর্শানোর নোটিশ দেওয়া সত্ত্বেও জবাব না দেওয়ায় বিভাগীয় তদন্তে তার বিরুদ্ধে পলায়নের অভিযোগ প্রমাণিত হয়। পরে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরামর্শক্রমে তাকে বরখাস্তের সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।
অপরদিকে, গাজীপুর শিল্পাঞ্চল পুলিশ-২-এ কর্মরত থাকাকালে চিকিৎসকের পরামর্শে বিশ্রামে যান এডিসি রহমত উল্লাহ চৌধুরী। ছুটি শেষে ২০২৫ সালের ১১ এপ্রিল কর্মস্থলে যোগ দেওয়ার কথা থাকলেও তিনি আর কর্মস্থলে ফেরেননি। তার অবস্থান নিশ্চিত হতে না পেরে গত বছরের ৩০ জুলাই বিভাগীয় মামলা দায়ের করা হয়। তদন্তে অসদাচরণ ও পলায়নের প্রমাণ পাওয়ায় তাকেও চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।
এআইএল/সকালবেলা