ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন দেশের প্রধান তিনটি রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) সন্ধ্যা ৬টা থেকে এসব ভাষণ পর্যায়ক্রমে সম্প্রচার করা হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আজ সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে দেশবাসীর উদ্দেশে ভাষণ দেবেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এরপর সন্ধ্যা ৭টা থেকে ৮টার মধ্যে ভাষণ দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তাঁদের ভাষণের পর বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকও জাতির উদ্দেশে তাঁর দলের নির্বাচনী বার্তা তুলে ধরবেন।
এর আগে গতকাল রোববার এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর) জাতির উদ্দেশে ভাষণ দিয়েছিলেন, যা বিটিভিতে সরাসরি সম্প্রচার করা হয়।
আগামী ১২ ফেব্রুয়ারি দেশের ৫১টি রাজনৈতিক দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই মহানির্বাচন ও গণভোট। ওইদিন সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। নির্বাচনের মাত্র তিন দিন বাকি থাকতে শীর্ষ নেতাদের এই ভাষণ ভোটারদের সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ