চট্টগ্রাম বন্দর সচল রাখতে সরকার হার্ডলাইনে: নৌপরিবহন উপদেষ্টা

চট্টগ্রাম বন্দর সচল রাখতে সরকার হার্ডলাইনে: নৌপরিবহন উপদেষ্টা

কতিপয় ব্যক্তি পুরো চট্টগ্রাম বন্দরকে জিম্মি রাখার চেষ্টা করছে উল্লেখ করে নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বলেছেন, বন্দর সচল রাখতে সরকার হার্ডলাইনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

রোববার (৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

নৌপরিবহন উপদেষ্টা জানান, বন্দর ব্যবস্থাপনা সংক্রান্ত চুক্তি বিষয়ে ডিপি ওয়ার্ল্ড আরও সময় চেয়েছে। প্রয়োজন হলে নির্বাচনের পরেও এ বিষয়ে আলোচনা ও নেগোসিয়েশন চলবে বলেও জানান তিনি।

তিনি বলেন, কিছু লোক চট্টগ্রাম বন্দরকে জিম্মি করার চেষ্টা করছে। তবে সরকার কোনোভাবেই বন্দর অচল হতে দেবে না। ইতোমধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। যারা বাধা সৃষ্টি করবে, তাদের বিরুদ্ধেই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

রমজানকে সামনে রেখে ধর্মঘটের বিষয়ে তিনি বলেন, ১৮ কোটি মানুষকে জিম্মি করতেই এই ধর্মঘট চলছে। আন্দোলনকারীদের দাবিদাওয়া মানার মতো নয়। তবে রমজান উপলক্ষে যেকোনো মূল্যে চট্টগ্রাম বন্দর সচল রাখা হবে।

এম সাখাওয়াত হোসেন আরও বলেন, চুক্তির বিষয়ে আরও সময় চেয়ে ডিপি ওয়ার্ল্ড প্রধান উপদেষ্টাকে চিঠি দিয়েছে। নির্বাচন শেষ হওয়ার পরেও এ বিষয়ে আলোচনা অব্যাহত থাকবে।

উল্লেখ্য, চার দফা দাবিতে রোববার সকাল ৮টা থেকে চট্টগ্রাম বন্দরে ধর্মঘট শুরু হয়। চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের ডাকে এই কর্মসূচি পালন করা হচ্ছে। ধর্মঘটের কারণে বন্দরের জেটি ও বহির্নোঙরে কার্যক্রম প্রায় বন্ধ হয়ে পড়ে।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন