বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার প্রস্তুত: অর্থমন্ত্রী

বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার প্রস্তুত: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার প্রস্তুত বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, সরকারের লক্ষ্য কেবল প্রবৃদ্ধি অর্জন নয়, বরং একটি টেকসই, স্বচ্ছ ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি গড়ে তোলা। শুক্রবার (১০ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

বিবৃতিতে অর্থমন্ত্রী বলেন, দায়িত্ব গ্রহণের মাত্র ১০ দিনের মাথায় মধ্যপ্রাচ্যে ইরান-ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ায় বৈশ্বিক জ্বালানি বাজার ও সরবরাহ শৃঙ্খলে নতুন অনিশ্চয়তা তৈরি হয়েছে। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল ও এলএনজির মূল্য দ্বিগুণের বেশি বৃদ্ধি পাওয়ায় চলতি অর্থবছরের মার্চ পর্যন্ত বিদ্যুৎ ও জ্বালানি খাতে নির্ধারিত বরাদ্দের চেয়ে অতিরিক্ত প্রায় ৩৬ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হবে। এর ফলে বাজেট ঘাটতি বাড়ার পাশাপাশি বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপরও প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। সরকার এই পরিস্থিতি মোকাবিলায় জনগণকে বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হতে পদক্ষেপ গ্রহণ করেছে।

তিনি আরও উল্লেখ করেন, আমদানি-নির্ভর অর্থনীতি হিসেবে বাংলাদেশ এই ভূরাজনৈতিক বাস্তবতার বাইরে নয়। জ্বালানির উচ্চমূল্যের কারণে সরকারের ওপর ভর্তুকির চাপ বাড়লেও জনগণের দুর্ভোগের কথা বিবেচনায় নিয়ে এখন পর্যন্ত মূল্য বৃদ্ধি না করে পূর্বের হার বহাল রাখা হয়েছে। এই প্রতিকূল পরিবেশের মধ্যেই ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রণয়নের কাজ শুরু হয়েছে জানিয়ে তিনি বলেন, নবনির্বাচিত সরকারের প্রথম বাজেটের প্রতি জনগণের বিপুল প্রত্যাশা সম্পর্কে আমরা সচেতন। তবে উত্তরাধিকারসূত্রে পাওয়া বিভিন্ন সমস্যার সীমাবদ্ধতাগুলোও জনগণকে বিবেচনায় রাখার অনুরোধ জানান তিনি।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে এদেশে বহুদলীয় গণতন্ত্র ও অর্থনৈতিক অগ্রযাত্রা শুরু হয়েছিল। পরবর্তীতে বেগম খালেদা জিয়া ভঙ্গুর অর্থনীতিতে প্রাণ সঞ্চার করে কৃষি, শিল্প ও বেসরকারি বিনিয়োগবান্ধব নীতির মাধ্যমে মজবুত ভিত্তি গড়েছিলেন। সেই ঐতিহ্য ও অভিজ্ঞতার উত্তরাধিকার ধারণ করে বর্তমান প্রধানমন্ত্রীর দূরদর্শী চিন্তার মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে অর্থনীতিকে এগিয়ে নিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন