১০ মাসে পুলিশের ওপর ৪৮৪ হামলা: নিহত ৪, আহত ৩৭০
নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ১০ মাসে পুলিশের ওপর ৪৮৪টি হামলার ঘটনা ঘটেছে। বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, সন্ত্রাসীদের এসব হামলায় চারজন পুলিশ সদস্য নিহত এবং অন্তত ৩৭০ জন গুরুতর আহত হয়েছেন।
পরিসংখ্যান বলছে, গত বছর সারা দেশে পুলিশের ওপর ৬০২টি হামলার ঘটনা ঘটেছিল, যার বেশিরভাগই ছিল ঢাকা রেঞ্জে। সাম্প্রতিক সময়েও হামলার ঘটনা অব্যাহত রয়েছে; গত ২২ নভেম্বর রাতে মাদক ব্যবসায়ীদের তথ্য সংগ্রহে নারায়ণগঞ্জের ফতুল্লার হাসেমবাগে গেলে দুর্বৃত্তের হামলায় প্রাণ হারান কনস্টেবল আনোয়ার হোসেন। এর আগে গত ৮ অক্টোবর রাতে খুলনার রূপসায় অভিযান শেষে ফেরার পথে ছিনতাইকারীদের চাপাতির কোপে প্রাণ হারান পুলিশ পরিদর্শক মো. শাহ আলম। ওই ঘটনার পর পুলিশ সদস্যদের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে রাতে একা চলাচল না করার নির্দেশ জারি করা হয়।
পুলিশের ওপর এমন ধারাবাহিক হামলায় উদ্বেগ প্রকাশ করে সাধারণ মানুষ বলছেন, যাদের হাতে নাগরিকের নিরাপত্তা নিশ্চিতের দায়িত্ব, তারাই নিরাপত্তাহীনতায় ভুগলে সাধারণ মানুষ কোথায় যাবে। তাঁরা হামলার সঙ্গে জড়িত মূল ব্যক্তিদের দ্রুত চিহ্নিত করে গ্রেপ্তার এবং কিশোর গ্যাংয়ের সদস্যদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
অন্যদিকে পুলিশের দাবি, শক্তি প্রদর্শন এবং রাজনৈতিক প্রভাব বিস্তারের লক্ষ্যেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের টার্গেট করা হচ্ছে। এ বিষয়ে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) তারেক আল মেহেদী বলেন, কোনো দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যত বেশি দুর্বল করা যায়, সেই দেশকে তত বেশি অস্থিতিশীল করে তোলা সম্ভব; এ কারণেই দুষ্কৃতকারীরা পুলিশ বাহিনীর ওপর আক্রমণ চালানোর চেষ্টা করছে। তাঁর দাবি, পুলিশের ওপর যতগুলো হামলার ঘটনা ঘটেছে, সেসব ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের হামলা বন্ধে দ্রুত দৃশ্যমান বিচার নিশ্চিত করার পাশাপাশি সমাজে আইন মানার সংস্কৃতি গড়ে তোলা জরুরি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক সাখাওয়াত হোসেন বলেন, জনগণ সহযোগিতা না করলে শুধু পুলিশকে দিয়ে অপরাধ প্রতিকার ও প্রতিরোধে সর্বাত্মক ভূমিকা পালন করা সম্ভব নয়; পাশাপাশি রাজনৈতিকভাবে পুলিশকে ব্যবহারের সংস্কৃতি থেকেও বাহিনীকে কীভাবে ফিরিয়ে আনা যায়, সে বিষয়েও দৃষ্টি রাখতে হবে।