শেখ হাসিনাকে প্লেনে হাতকড়া পরিয়ে আনা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ণ
শেখ হাসিনাকে প্লেনে হাতকড়া পরিয়ে আনা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: প্রত্যর্পণ চুক্তির নির্ধারিত প্রক্রিয়ায় বিমানে করে হাতকড়া পরিয়ে অথবা কঠোর নজরদারির মাধ্যমে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের মন্তব্যের বিষয়ে ঢাকার অবস্থান তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, বিষয়টি একেবারেই স্পষ্ট এবং বুঝতে কোনো জটিলতা নেই। যাতায়াতের ক্ষেত্রে দুটি ধারা রয়েছে—একটি সাধারণ বা বেসামরিক যাত্রীদের জন্য এবং অন্যটি অপরাধীদের জন্য। শেখ হাসিনা অপরাধী শ্রেণির অন্তর্ভুক্ত হওয়ায় প্রত্যর্পণ চুক্তির আওতায় তাঁকে হস্তান্তর করতে হবে।

ভারতে পাঠানো অনুরোধপত্রের কোনো উত্তর এসেছে কি না, এমন প্রশ্নে হুমায়ুন কবির জানান, বাংলাদেশ সরকার আনুষ্ঠানিক অনুরোধ পাঠিয়েছে এবং বর্তমানে জবাবের অপেক্ষায় প্রক্রিয়া চলমান রয়েছে।

তিনি আরও বলেন, ভারতে শুধু শেখ হাসিনাই নন; দেশ থেকে লুটপাট ও মানুষ হত্যা করে পালিয়ে যাওয়া আরও অনেক আওয়ামী সন্ত্রাসী এবং হাদির খুনিরাও অবস্থান করছেন। প্রত্যর্পণ চুক্তির আওতায় এবং সদিচ্ছার নিদর্শন হিসেবে এসব ব্যক্তিকে হস্তান্তর করার দাবি জানিয়েছে বাংলাদেশ।

ভিয়েনা কনভেনশন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, শেখ হাসিনা এখন গুরুত্বহীন ও অপ্রাসঙ্গিক হয়ে পড়েছেন। ভিয়েনা কনভেনশন বা অন্যান্য আইনি প্রসঙ্গ টেনে ঘুরিয়ে-পেঁচিয়ে কথা বলে কোনো লাভ নেই; প্রত্যর্পণ চুক্তির নির্ধারিত প্রক্রিয়ায় বিমানে করে হাতকড়া পরিয়ে অথবা কঠোর নজরদারির মাধ্যমেই তাঁকে দেশে আনা হবে। বাংলাদেশে তাঁর এবং তাঁর পরিবারের ও দলের আর কোনো স্থান নেই বলেও মন্তব্য করেন তিনি।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জয়সওয়াল শেখ হাসিনার সম্ভাব্য আগমনকে ‘সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশের মধ্যকার অভ্যন্তরীণ বিষয়’ হিসেবে উল্লেখ করেছেন। এ বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, মুখপাত্র ওই শব্দ ব্যবহার করে মূলত প্রশ্নের উত্তর এড়িয়ে যেতে চেয়েছেন, তবে প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে ফেরত আনার পথ এখনো খোলা রয়েছে। তাঁর দাবি, শেখ হাসিনা কোনো অনুশোচনাবোধ করেন না এবং তাঁর কোনো রাজনীতি অবশিষ্ট নেই। এমন একজনকে আশ্রয় দিয়ে ভারতও এখন বিড়ম্বনার মুখে পড়েছে বলে মন্তব্য করেন তিনি।

উদাহরণ টেনে হুমায়ুন কবির বলেন, বাড়িতে কোনো অতিথিকে আমন্ত্রণ জানানোর পর তিনি যদি অদ্ভুত আচরণ ও উল্টাপাল্টা কথা বলতে থাকেন এবং নিজেও না বোঝেন যে তিনি অবাঞ্ছিত, তখন তাঁকে বেরও করা যায় না আবার সহ্যও করা যায় না—শেখ হাসিনার ক্ষেত্রেও তেমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে তিনি মনে করেন।

পশ্চিমবঙ্গের একাধিক মন্ত্রীর ১৬ ডিসেম্বর বাংলাদেশ দখলের হুঁশিয়ারি সংক্রান্ত প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, সব দেশের রাজনীতিতেই কিছু ব্যক্তি এমন মন্তব্য করেন। তবে বাংলাদেশের সম্পর্ক ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে এবং জাতীয় সরকার পর্যায়েই আনুষ্ঠানিক ও গুরুতর আলোচনা হয়; তাই এ ধরনের বক্তব্যকে গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই।

নড়াইলে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার কথিত ঘটনা নিয়ে ভারতের মুখপাত্রের উদ্বেগ ও তদন্ত দাবির প্রসঙ্গে জানতে চাইলে প্রতিমন্ত্রী তীব্র ক্ষোভ প্রকাশ করেন। ঘটনাটি ভুয়া খবর হওয়া সত্ত্বেও তা নিয়ে প্রশ্ন তোলায় তিনি ক্ষোভ জানান এবং ভুয়া তথ্যের ভিত্তিতে প্রতিবেদন বা শিরোনাম তৈরির প্রবণতার সমালোচনা করেন।

গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হওয়া ও নবায়ন প্রক্রিয়া প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, চুক্তি নবায়ন বা নতুন চুক্তির বিষয়ে বাংলাদেশ ইতোমধ্যেই ভারতকে চিঠি দিয়েছে। বিষয়টি এখন প্রক্রিয়াধীন এবং ভারতের জবাবের অপেক্ষায় রয়েছে। এ ক্ষেত্রে বাংলাদেশ অত্যন্ত স্বচ্ছ ও উন্মুক্ত অবস্থান নিয়েছে এবং ভবিষ্যতেও সব তথ্য গণমাধ্যমের সঙ্গে ভাগ করে নেওয়া হবে বলে আশ্বস্ত করেন তিনি।

এআইএল/সকালবেলা