বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম

প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:৩২ অপরাহ্ণ
বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম

নিজস্ব প্রতিবেদক: পশ্চিমবঙ্গের বিজেপি নেতা অর্জুন সিংয়ের ‘১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখলের’ প্রকাশ্য হুমকির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। একই সঙ্গে সংগঠনটি কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছে, বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সংবাদমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান এ প্রতিক্রিয়া জানান।

বিবৃতিতে হেফাজত নেতারা বলেন, যেখানে ভারতের সমর্থনপুষ্ট পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনা পুরো রাষ্ট্রযন্ত্রের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করেও বাংলাদেশের স্বাধীনচেতা ছাত্র-জনতাকে দমিয়ে রাখতে পারেননি, সেখানে বাইরে থেকে বাংলাদেশ দখলের হুমকি ফাঁকা বুলি ছাড়া আর কিছুই নয়। বরং জুলাইয়ের বিপ্লবী ছাত্র-জনতা ভারতের সবচেয়ে বড় পরীক্ষিত মিত্রকে বাংলাদেশ থেকে বিতাড়িত করায় দিল্লির নীতিনির্ধারকেরা আতঙ্কে রয়েছেন। সে কারণেই পশ্চিমবঙ্গের নেতাদের দিয়ে এ ধরনের হুমকি দেওয়া হচ্ছে। বাংলাদেশের জনগণ এসব হুমকির পরোয়া করে না; বরং এ দেশে ভারতের যত চিহ্নিত দোসর রয়েছে, সেগুলোও পর্যায়ক্রমে নির্মূল করা হবে।

নেতৃবৃন্দ আরও বলেন, বর্তমান বাংলাদেশ মানেই পতিত আওয়ামী লীগ বা শেখ পরিবার নয়—এই বাস্তবতা বদলে গেছে এবং ভারতের এখন হুঁশে ফেরা উচিত। শেখ হাসিনাকে টানা ১৭ বছর বাংলাদেশের জনগণের ঘাড়ে বসিয়ে দেশের সার্বভৌমত্ব হরণের চক্রান্ত করা হয়েছিল বলে অভিযোগ করেন তাঁরা। এ ছাড়া মোদিবিরোধী আন্দোলনের শহীদদের পাশাপাশি আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় বিএনপি নেতা ইলিয়াস আলী ও বুয়েটছাত্র আবরার ফাহাদ হত্যাকাণ্ড, পিলখানায় ৫৭ জন সেনা কর্মকর্তা হত্যা এবং শহীদ ওসমান হাদির রক্তের দায় ভারতকে একদিন শোধ করতেই হবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

বিবৃতিতে বলা হয়, নিজ দেশের সংখ্যালঘু মুসলমানদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়ে ভারত বাংলাদেশ সম্পর্কে হিন্দু নির্যাতনের মিথ্যা প্রচারণা চালাচ্ছে। চব্বিশের গণ-অভ্যুত্থানে মাথা তুলে দাঁড়ানো বাংলাদেশকে আর অবনত করা যাবে না এবং দেশের বিরুদ্ধে চালানো অপপ্রচার ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করা হবে। কোনো অজুহাতে বাংলাদেশকে আঘাত করা হলে পাল্টা আঘাত ভারতের উত্তর-পূর্বাঞ্চল হয়ে দিল্লির মসনদ পর্যন্ত নাড়িয়ে দিতে পারে বলে সতর্ক করেন তাঁরা।

জুলাই আন্দোলনে ছাত্র-জনতা মৃত্যুর পরোয়া না করে স্বাধীনতা রক্ষার সক্ষমতা প্রমাণ করেছে উল্লেখ করে হেফাজত নেতারা বলেন, প্রয়োজনে সামরিকভাবে শক্তিশালী মুসলিম রাষ্ট্রগুলোও ভ্রাতৃত্বের জায়গা থেকে বাংলাদেশের পাশে দাঁড়াবে বলে তাঁদের বিশ্বাস।

এআইএল/সকালবেলা