ডিএনসিসি প্রশাসক এজাজ অপসারিত: নতুন দায়িত্বে সুরাইয়া আক্তার জাহান

ডিএনসিসি প্রশাসক এজাজ অপসারিত: নতুন দায়িত্বে সুরাইয়া আক্তার জাহান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজকে তাঁর পদ থেকে সরিয়ে দিয়েছে সরকার। তাঁর পরিবর্তে স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব সুরাইয়া আক্তার জাহানকে ডিএনসিসির নতুন প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়।

যুগ্মসচিব মাহবুবা আইরিন স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’-এর ধারা ২৫ক অনুযায়ী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সুরাইয়া আক্তার জাহানকে এই দায়িত্ব প্রদান করা হলো। তিনি তাঁর বর্তমান পদের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে ডিএনসিসি মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। বিধি অনুযায়ী তিনি কেবল ‘দায়িত্ব ভাতা’ পাবেন এবং অন্য কোনো আর্থিক সুবিধা ভোগ করবেন না।

২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টারের চেয়ারম্যান মোহাম্মদ এজাজকে এই গুরুত্বপূর্ণ পদে বসানো হয়েছিল। তবে নিয়োগের পর থেকেই তাঁর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, মিরপুর গাবতলী পশুর হাট ইজারা, ই-রিকশা প্রকল্প এবং বনানী কাঁচাবাজারে দোকান বরাদ্দসহ বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ উঠতে শুরু করে।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১ ফেব্রুয়ারি ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেন। দুদকের অভিযোগে উল্লেখ করা হয় যে, এজাজের বিরুদ্ধে বিপুল অংকের অনিয়ম ও ঘুষ গ্রহণের অভিযোগের অনুসন্ধান চলছে এবং তিনি দেশ ছেড়ে পালিয়ে যেতে পারেন এমন আশঙ্কা রয়েছে। এই বিতর্কের মাঝেই সরকারের পক্ষ থেকে তাঁকে অপসারণের সিদ্ধান্ত এল।

মন্তব্য করুন