বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমল

প্রকাশ: শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০২:৪৯ অপরাহ্ণ
বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমল

আন্তর্জাতিক ডেস্ক: আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম টানা চতুর্থ সপ্তাহের মতো হ্রাস পেয়েছে। মার্কিন ডলারের শক্তিশালী অবস্থান এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ফেডারেল রিজার্ভের দ্রুত সুদের হার বৃদ্ধির আশঙ্কার ফলে বিনিয়োগকারীরা স্বর্ণের বাজার থেকে কিছুটা সরে আসছেন।

শুক্রবার স্পট গোল্ডের দাম ০ দশমিক ৬ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ২ দশমিক ৭৭ ডলারে নেমে এসেছে। এছাড়া, আগস্ট ডেলিভারির মার্কিন স্বর্ণের দাম ০ দশমিক ৭ শতাংশ কমে দাঁড়িয়েছে প্রতি আউন্স ৪ হাজার ১৭ দশমিক ৩০ ডলারে। সামগ্রিকভাবে সপ্তাহজুড়ে স্বর্ণের দাম প্রায় ৩ দশমিক ৮ শতাংশ হ্রাস পেয়েছে। গত বুধবার ২০২৫ সালের নভেম্বরের পর প্রথমবারের মতো স্বর্ণের দাম ৪ হাজার ডলারের নিচে নেমে গিয়েছিল।

বাজার বিশ্লেষকদের মতে, ফেডের কঠোর মুদ্রানীতির প্রত্যাশা মার্কিন ডলারকে অত্যন্ত শক্তিশালী করে তুলেছে। ডলারের মান বৃদ্ধি পাওয়ায় অন্যান্য মুদ্রার বিনিয়োগকারীদের জন্য স্বর্ণ কেনা তুলনামূলক ব্যয়বহুল হয়ে পড়েছে, যা দাম কমার অন্যতম প্রধান কারণ।

ওএএনডিএ-এর জ্যেষ্ঠ বাজার বিশ্লেষক কেলভিন ওং বলেন, ফেডারেল রিজার্ভের কঠোর অবস্থানের ফলে মার্কিন ডলারে শক্তিশালী ঊর্ধ্বমুখী প্রবণতা তৈরি হয়েছে, যা স্বর্ণের দামে বড় ধরনের চাপ সৃষ্টি করেছে। তিনি আরও আশঙ্কা প্রকাশ করেন যে, চলতি বছরের জানুয়ারির শেষভাগে স্বর্ণের দাম সর্বোচ্চ ৫ হাজার ৫৯৪ ডলারের যে রেকর্ডে পৌঁছেছিল, তা থেকে দীর্ঘমেয়াদী সংশোধন অব্যাহত থাকলে স্বর্ণের দাম প্রতি আউন্স ৩ হাজার ৪০০ ডলার পর্যন্ত নেমে যেতে পারে। চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত স্বর্ণের দাম প্রায় ২৯ শতাংশ কমেছে।

জান্নাত সকালবেলা

মন্তব্য করুন