মুম্বাই ইন্ডিয়ান্সের হেড কোচ হলেন কাইরন পোলার্ড
অনলাইন ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মেগা ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্স তাদের সাবেক অলরাউন্ডার ও দীর্ঘদিনের প্রাণভোমরা কাইরন পোলার্ডকে দলের প্রধান কোচের (হেড কোচ) নতুন দায়িত্ব দিয়েছে। সাবেক প্রধান কোচ মাহেলা জয়াবর্ধনের সঙ্গে চুক্তি শেষ করার পর ফ্র্যাঞ্চাইজিটি তাদের সবচেয়ে পরিচিত এবং অভিজ্ঞ এই ক্যারিবীয় কিংবদন্তির ওপর ডাগআউটের মূল কান্ডারির ভার সঁপে দিয়েছে।
নতুন এই উচ্চপদের দায়িত্ব পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে পোলার্ড এক বিবৃতিতে জানান, "মুম্বাই ইন্ডিয়ান্সের প্রধান কোচের দায়িত্ব নেওয়া আমার জন্য অত্যন্ত সম্মানের। এই দলটি আমার পেশাদারি ক্যারিয়ার ও জীবনের এক বিশাল অংশ জুড়ে রয়েছে। খেলোয়াড় ও পরে সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালনের সময় আমি উপলব্ধি করতে পেরেছি মুম্বাইয়ের নীল-সোনালি জার্সির ওজন এবং এর মর্যাদা রক্ষা করার দায়িত্ব কতটা।" তিনি আরও যোগ করেন যে, দলের ঐতিহ্য ফিরিয়ে আনা এবং তরুণ ও প্রতিভাবান খেলোয়াড়দের বিশ্বমানের ক্রিকেট উপহার দিতে তিনি সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবেন।
২০১০ থেকে ২০২২ সাল পর্যন্ত আইপিএলে কেবল মুম্বাই ইন্ডিয়ান্সের হয়েই মাঠে নেমেছিলেন পোলার্ড। খেলোয়াড় হিসেবে ১৮৯টি ম্যাচে ব্যাট হাতে ৩ হাজার ৪১২ রান সংগ্রহের পাশাপাশি মিডিয়াম পেসে ৬৯টি উইকেট শিকার করেছেন তিনি। মুম্বাইয়ের জেতা পাঁচটি আইপিএল শিরোপার (২০১৩, ২০১৫, ২০১৭, ২০১৯ ও ২০২০) প্রতিটি ট্রফি জয়ের অন্যতম নায়ক ছিলেন তিনি। ২০২২ সালে খেলোয়াড়ি জীবন থেকে অবসর গ্রহণের পর ফ্র্যাঞ্চাইজিটির ব্যাটিং কোচের দায়িত্ব সামলাচ্ছিলেন তিনি।
একসময়ের দুর্দান্ত আধিপত্য দেখানো মুম্বাই ইন্ডিয়ান্স সাম্প্রতিক মৌসুমগুলোতে প্রত্যাশিত পারফর্ম করতে পারছে না। ২০২৩ ও ২০২৫ সালে প্লে-অফে পৌঁছালেও ২০২৪ আসরে ১০ম এবং সদ্য সমাপ্ত ২০২৬ আসরে ৯ম স্থানে থেকে টুর্নামেন্ট শেষ করে দলটি। এই মন্দাভাব কাটিয়ে সাফল্য ও জয়ের ধারায় ফিরতেই পোলার্ডকে প্রধান কোচের ভূমিকা দেওয়া হয়েছে।
মুম্বাই ইন্ডিয়ান্সের সহ-মালিক নীতা আম্বানি পোলার্ডের নতুন ইনিংসের স্বাগত জানিয়ে বলেন, "মাত্র ২২ বছর বয়সে আমাদের দলে যোগ দিয়েছিল পোলার্ড। বিগত ১৬ বছর ধরে সে আমাদের পরিবারের এক অবিচ্ছেদ্য অংশ। মুম্বাইয়ের জার্সি গায়ে খেলার অনুভূতি কী এবং জেতার জন্য কী প্রয়োজন, তা পোলার্ডের চেয়ে ভালো কেউ জানে না। আমাদের বিশ্বাস, খেলোয়াড়দের মতো নতুন এই দায়িত্বেও সে একই নিষ্ঠা, আত্মবিশ্বাস ও দৃঢ়তা নিয়ে দলকে সামনে থেকে নেতৃত্ব দেবে।"
সকালবেলা / নুসরাত