ক্যাপিটাল ড্রামার নতুন নাটকে তৌসিফ, কেয়া পায়েল ও মালাইকা

প্রকাশ: শনিবার, ০১ আগস্ট ২০২৬, ০৫:২৯ অপরাহ্ণ
ক্যাপিটাল ড্রামার নতুন নাটকে তৌসিফ, কেয়া পায়েল ও মালাইকা
‘আমার রাজ্যে তুমি’ নাটকের শুটিং সেটে অভিনেতা তৌসিফ মাহবুবের সাথে কেয়া পায়েল ও মালাইকা চৌধুরী

বিনোদন প্রতিবেদক: প্রেমের চেয়ে সম্পর্কের জটিলতা এবং জীবনের টানাপোড়েনকে নতুন এক আঙ্গিকে ফুটিয়ে তুলতে ‘ক্যাপিটাল ড্রামা’ নির্মাণ করেছে নাটক ‘আমার রাজ্যে তুমি’। ত্রিভুজ ভালোবাসার আবহ ও অদ্ভুত এক নিয়তির বাঁধনে রচিত এই নাটকে প্রধান কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুবকে।

নাটকটিতে তাঁর সঙ্গে পর্দা ভাগ করে নিয়েছেন নিয়মিত অভিনেত্রী কেয়া পায়েল এবং নবাগতা মালাইকা চৌধুরী। কেয়া পায়েলের সঙ্গে তৌসিফ ইতিপূর্বে অনেক নাটকে অভিনয় করলেও মালাইকার সঙ্গে এটিই তাঁর প্রথম কাজ।

নাটকটিতে অভিনয় অভিজ্ঞতা নিয়ে তৌসিফ মাহবুব বলেন, “কাজটি শুধুই বাঁধাধরা কোনো রোমান্টিক প্রেমের গল্প নয়, বরং এটি সম্পর্কের ভেতরের সত্য ও মানুষের অনুভূতি প্রকাশের এক গল্প। গতানুগতিক ছকের বাইরে গিয়ে এর স্ক্রিপ্ট সাজানো হয়েছে। পায়েলের সঙ্গে অভিজ্ঞতা যথারীতি দারুণ, আর মালাইকার সঙ্গে নতুন অভিজ্ঞতাও চমৎকার ছিল। দর্শক নাটকটি দেখে উপভোগ করবেন বলে আমার বিশ্বাস।”

‘আমার রাজ্যে তুমি’ নাটকটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন তরুণ নির্মাতা মাসরিকুল আলম।

গল্পের ভাবনা সম্পর্কে মাসরিকুল আলম জানান, “আমি শুধু সম্পর্কের উপরিভাগ নয়, বরং এক সম্পর্ক ভেঙে বা বদলে গেলে মানুষের ভেতরের মানসিক অবস্থা কী দাঁড়ায়, তা পর্দায় তুলে ধরতে চেয়েছি। কিছু মানুষ একে অপরকে গভীরভাবে ভালোবাসার পরও ভুল সিদ্ধান্ত ও পরিস্থিতির শিকার হয়ে কীভাবে দূরে সরে যায়—তা নিয়েই মূল গল্প। নাটকটি দেখার পরও চরিত্রগুলো দর্শকের হৃদয়ে দাগ কেটে থাকবে।”

প্রযোজনা সংস্থা সূত্রে জানা গেছে, সব ধরনের কাজ শেষ করে খুব শীঘ্রই নাটকটি ক্যাপিটাল ড্রামার অফিশিয়াল ইউটিউব চ্যানেলে দর্শকদের জন্য উন্মুক্ত করা হবে।

মন্তব্য করুন