অগ্নিদগ্ধ জায়েদ খান, অল্পের জন্য প্রাণে বাঁচলেন

প্রকাশ: মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৪:১১ অপরাহ্ণ
অগ্নিদগ্ধ জায়েদ খান, অল্পের জন্য প্রাণে বাঁচলেন

বছরজুড়েই আলোচনায় থাকা চিত্রনায়ক জায়েদ খান যুক্তরাষ্ট্রে এক অনুষ্ঠানে পারফর্ম করতে গিয়ে অগ্নিদগ্ধ হয়েছেন। বর্তমানে তিনি নিউ ইয়র্কে বসবাস করলেও বিভিন্ন অঙ্গরাজ্যে বাঙালি কমিউনিটির আয়োজনে অংশ নিচ্ছেন। ওকলাহোমা রাজ্যে এমনই একটি অনুষ্ঠানে পারফর্ম করার সময় এই দুর্ঘটনা ঘটে। বড় ধরনের ক্ষতি না হলেও শরীরের কিছু অংশ পুড়ে গেছে তার।

সম্প্রতি ওকলাহোমায় একটি সাংস্কৃতিক আয়োজনে মোটরসাইকেল নিয়ে মঞ্চে প্রবেশ করার সময় দুর্ঘটনার শিকার হন জায়েদ খান। মোটরসাইকেলের সামনে ও পেছনে ‘ফায়ার ওয়াক্স’ (আগুনভর্তি পাত্র) লাগানো ছিল। সেখান থেকেই আগুন ছিটকে তার শরীরে পড়ে যায়। তাৎক্ষণিকভাবে আগুন নিভিয়ে সেই অবস্থাতেই তিনি পারফরম্যান্স শেষ করেন। অনুষ্ঠান শেষে দ্রুত তাকে চিকিৎসা দেওয়া হয়।

আজ মঙ্গলবার (১২ মে) ওকলাহোমা থেকে হোয়াটসঅ্যাপ বার্তায় জায়েদ খান বলেন, ‘একটুর জন্য প্রাণে বেঁচে গেছি। শরীরে আগুন ধরে গিয়েছিল। সেই অবস্থাতেই পারফর্ম করেছি বলে অবস্থা আরেকটু খারাপ হয়েছে। ব্যান্ডেজ করে এখন বিশ্রামে আছি। আরেকটু হলেই পুড়ে ছাই হয়ে যেতাম।’

চিকিৎসকদের পরামর্শে বর্তমানে তিনি বিশ্রামে আছেন এবং তার ভক্তদের দোয়া চেয়েছেন।

জান্নাত/সকালবেলা

মন্তব্য করুন