নোরা ফাতেহির মন্তব্যে ব্যবসায়িক ক্ষতি, ৩ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি বিমান সংস্থার

প্রকাশ: মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৬ অপরাহ্ণ
নোরা ফাতেহির মন্তব্যে ব্যবসায়িক ক্ষতি, ৩ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি বিমান সংস্থার
বলিউড অভিনেত্রী ও ডান্সার নোরা ফাতেহি।

নিজস্ব প্রতিবেদক: চার্টার্ড বিমানকে 'খেলনা' বলে সামাজিক যোগাযোগমাধ্যমে কটাক্ষ করে মারাত্মক আইনি জটিলতায় পড়েছেন বলিউডের জনপ্রিয় আইটেম গার্ল ও অভিনেত্রী নোরা ফাতেহি। উড়োজাহাজটির মানহানি ও কোম্পানির ব্যবসায়িক ক্ষতিসাধনের অভিযোগে আহমেদাবাদের গান্ধীনগর আদালতে নোরার বিরুদ্ধে ৩ কোটি টাকার সিভিল মানহানির মামলা দায়ের করেছে ‘ডুন্স অ্যাভিয়েশন’ নামের একটি বিমান পরিষেবা প্রদানকারী সংস্থা।

ঘটনার সূত্রপাত গত বছরের ডিসেম্বরে। মুম্বাই থেকে জয়পুর যাওয়ার পথে একটি সেসনা সাইটেশন সিজে-২ বিমানে ওঠার সময় কিছু ভিডিও ধারণ করেন নোরা। পরবর্তীতে প্রায় ৪ কোটি ৭০ লাখ অনুসারী থাকা তাঁর নিজস্ব ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ভিডিওটি শেয়ার করেন এই তারকা। ভিডিওতে বিমানটিকে খেলনা বা ‘লেগো বিমান’-এর সঙ্গে তুলনা করে নানা মন্তব্য করেন তিনি।

একটি আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত খবর সূত্রে জানা গেছে, বিমান সংস্থাটি দাবি করেছে নোরার এমন দায়িত্বজ্ঞানহীন ও ভিত্তিহীন মন্তব্যের ফলে বাজারে তাদের বাণিজ্যিক ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়েছে এবং আর্থিক ক্ষতির মুখোমুখি হতে হয়েছে।

সংস্থাটির পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়, বিমানটি তার নির্দিষ্ট শ্রেণির একটি মানসম্মত উড়োজাহাজ। এই মন্তব্যের জেরে গত এপ্রিলে গান্ধীনগরের একটি আদালতে মামলাটি দায়ের করা হয়েছিল, যার আনুষ্ঠানিক শুনানি অনুষ্ঠিত হবে আগামী ২৫ সেপ্টেম্বর।

'দিলবার' ও 'ও সাকি সাকি'র মতো বহুল জনপ্রিয় গানে নাচ পরিবেশন করে তারকাখ্যাতি পাওয়া নোরা ফাতেহি সম্প্রতি 'সারকে চুনার তেরি সারকে' নামের একটি কন্নড় গানের অশালীন কথা নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন। যদিও পরবর্তীতে ভাষা বুঝতে না পারার কারণ দর্শিয়ে সেই বিতর্কের অবসান ঘটানোর চেষ্টা করেছিলেন এই অভিনেত্রী।

মন্তব্য করুন