ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি
বিনোদন ডেস্ক: রাজধানীর গুলশানের একটি বাসার গোপন সুড়ঙ্গ থেকে বহুরূপী প্রতারক মির্জা আবুল বাশার মামুনকে গ্রেপ্তারের ঘটনায় চিত্রনায়িকা ববির নাম জড়িয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। বাশারের সঙ্গে নিজের নাম জড়িয়ে ‘কথিত স্ত্রী’ বা ‘স্ত্রী’ হিসেবে সম্বোধন করায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এই তারকা।
শনিবার (২০ জুন) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে ববি বিষয়টিকে ‘সম্পূর্ণ বানোয়াট ও ভিত্তিহীন’ বলে অভিহিত করেছেন। তিনি লিখেছেন, “ব্যবসায়ী মির্জা আবুল বাশারকে কেন্দ্র করে আমাকে নিয়ে বেশ কিছু গণমাধ্যমে চটকদার সংবাদ প্রকাশ করেছে। সেখানে বাশারের সঙ্গে জড়িয়ে ‘কোথাও কথিত স্ত্রী, কোথাও স্ত্রী’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়েছে।”
চিত্রনায়িকা ববি ক্ষোভ প্রকাশ করে বলেন, “বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন। মূলত ভিউ বাণিজ্য ও আমার সম্মানহানি করতেই একটি কুচক্রী মহল এ কাজ করছে।” তিনি আরও বলেন, “আমাকে হেয় করার জন্য যেসব গণমাধ্যম ভুয়া খবর ছড়িয়েছে, তাদের বিরুদ্ধে আমি যথাযথ ব্যবস্থা নেব।”
বিয়ের গুঞ্জন উড়িয়ে দিয়ে ববি বলেন, “আমাকে আপনারা দীর্ঘদিন ধরে চেনেন। যদি বিয়ের মতো পবিত্র সম্পর্কে আমি জড়িয়ে থাকি, সেটি অবশ্যই আমি নিজ থেকে সামনে আনব।”
তিনি দেশের গণমাধ্যম ও সাংবাদিকদের প্রতি নিজের আস্থার কথা পুনর্ব্যক্ত করে জানিয়েছেন যে, সম্মানহানি করার অপচেষ্টার বিরুদ্ধে তিনি আইনি পথে লড়বেন।
জান্নাত সকালবেলা
|