ঢাকায় আসছেন পাকিস্তানি অভিনেতা বিলাল আব্বাস খান
বিনোদন প্রতিবেদক: নিজ দেশের গণ্ডি পেরিয়ে দারুণ অভিনয়শৈলী ও বৈচিত্র্যময় চরিত্রের কল্যাণে ভারত ও বাংলাদেশের দর্শকমহলে তুমুল জনপ্রিয়তা কুড়ানো পাকিস্তানের তারকা অভিনেতা বিলাল আব্বাস খান ঢাকায় আসছেন।
পাকিস্তানি জীবনধারা ও ফ্যাশনভিত্তিক আয়োজন ‘পাকিস্তান লাইফস্টাইল এক্সিবিশন’-এর আমন্ত্রণে সাড়া দিয়ে বাংলাদেশ সফরে আসছেন তিনি। একই সফরে তাঁর সফরসঙ্গী হিসেবে ঢাকায় আসবেন বিলালের মা তথা প্রখ্যাত ফ্যাশন ডিজাইনার ফারহানা সোহেল। আয়োজক সূত্রের তথ্য অনুযায়ী, প্রদর্শনীর পঞ্চম আসরে বিশেষ সম্মানিত অতিথি হিসেবে যোগ দেবেন এই অভিনেতা।
ঢাকার গুলশান-১ নম্বরে অবস্থিত ঐতিহ্যবাহী ‘গুলশান শুটিং ক্লাব’-এ আগামী ৪ থেকে ৮ নভেম্বর পর্যন্ত পাঁচ দিনব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘পাকিস্তান লাইফস্টাইল এক্সিবিশন’। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকবে এই এক্সিবিশন। পাঁচ দিনব্যাপী আয়োজনের তৃতীয় দিন অর্থাৎ শুক্রবার (৬ নভেম্বর) প্রদর্শনীতে সশরীরে উপস্থিত থেকে ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন বিলাল আব্বাস খান। প্রদর্শনীতে তাঁর মা ফারহানা সোহেলের এক্সক্লুসিভ নকশা করা পোশাকের বিশেষ সংগ্রহ প্রদর্শিত হবে।
বাংলাদেশের দর্শনার্থীদের সামনে পাকিস্তানের ঐতিহ্যবাহী জীবনযাত্রা, বিয়ের বিশেষ পোশাক, শীর্ষস্থানীয় পোশাক ব্র্যান্ডগুলোর পণ্য এবং দেশটির ঐতিহ্যবাহী খাবারের সমৃদ্ধ সম্ভার তুলে ধরাই এই এক্সিবিশনের মূল উদ্দেশ্য।
উল্লেখ্য, বিলাল আব্বাস খান তাঁর শক্তিশালী ও স্বকীয় অভিনয় দিয়ে উপমহাদেশের দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। বিশেষ করে তাঁর অভিনীত ‘ইশক মুর্শিদ’, ‘মেরি জিন্দেগি হ্যায় তু’, ‘মান জোইগি’, ‘পেয়ার কে সদকে’ এবং ‘চিখ’-এর মতো তুমুল আলোচিত ও জনপ্রিয় নাটকগুলোর মাধ্যমে বাংলাদেশে তাঁর বিশাল এক ভক্তগোষ্ঠী তৈরি হয়েছে। তাঁর এই ঝটিকা ঢাকা সফর নিয়ে বিনোদনপ্রেমীদের মাঝে ইতোমধ্যেই ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে।
সকালবেলা / নুসরাত