মায়ের মঙ্গলসূত্র বন্ধক রেখে শুটিং ৩ কোটির কন্নড় সিনেমা আয় করল ১১৪ কোটি
বিনোদন ডেস্ক: সিনেমার প্রচারে কোটি কোটি টাকা খরচ করা বর্তমান ট্রেন্ডের বাইরে গিয়েও যে নিছক ভালো গল্পের জোরে বক্স অফিসে ইতিহাস গড়া যায়, তারই এক দারুণ ও অনুপ্রেরণামূলক নজির স্থাপন করেছে কন্নড় ভাষার সিনেমা ‘প্রেমাদ ওরালি’। মাত্র ৩ কোটি রুপিরও কম বাজেটে নির্মিত এই ছবিটি বিশ্বব্যাপী অবিশ্বাস্যভাবে ১১৪ কোটি রুপি আয় করেছে।
বড় কোনো তারকা কিংবা চোখধাঁধানো প্রচারণার বদলে সম্পূর্ণ গল্পের শক্তি ও ব্যতিক্রমী প্রচারকৌশলেই এই অভাবনীয় সাফল্য এসেছে। তবে এই সাফল্যের নেপথ্যে রয়েছে পরিচালক মনোজ কুমারের চরম আর্থিক সংকট, কঠিন সংগ্রাম এবং এক আবেগঘন ইতিহাস। ছবিটির শুটিং শেষ করার মুহূর্তে এমন একটি সময় এসেছিল, যখন কৃত্রিম বৃষ্টির একটি দৃশ্য ধারণ করতে গিয়ে বাজেট ফুরিয়ে যাওয়ায় পরিচালককে নিজের মায়ের মঙ্গলসূত্র পর্যন্ত বন্ধক রাখার কথা ভাবতে হয়েছিল।
অভিনেত্রী তাপস্বিনী পুনাচা স্মৃতিচারণ করে জানান, শুটিংয়ের একপর্যায়ে কৃত্রিম বৃষ্টির জন্য নির্ধারিত পানি শেষ হয়ে গেলে স্থানীয় গ্রামবাসীরা নিজেদের নলকূপের পানি দিয়ে সাহায্য করেন। ঠিক সেই জটিল মুহূর্তে পরিচালক মনোজ তার মায়ের সঙ্গে ফোনে কথা বলে বলেন, "আগামীকাল মঙ্গলসূত্র বন্ধক রাখার জন্য প্রস্তুত রেখো।" পরিচালকের এমন অসহায়ত্ব দেখে ভেঙে পড়েছিলেন কলাকুশলীরাও। শেষ পর্যন্ত দৃশ্যটি নিখুঁতভাবে ধারণ হওয়ার পর স্বস্তির নিশ্বাস ফেলেন পরিচালক এবং মাকে ফোন করে জানান আর মঙ্গলসূত্র বন্ধক দিতে হবে না।
এর আগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেও নির্মাতা মনোজ কুমার সহজে নতুন কাজের সুযোগ পাননি। পরে প্রযোজক দেবেন্দ্রের সহায়তায় ‘প্রেমাদ ওরালি’র কাজ শুরু হয়। কিন্তু শুটিং শেষে প্রচারের জন্য কোনো অর্থ অবশিষ্ট না থাকায় নির্মাতারা সম্পূর্ণ ভিন্ন এক পথ বেছে নেন। বিয়ের নিমন্ত্রণপত্রের আদলে কার্ড ও লিফলেট ছাপিয়ে তারা সাধারণ যাত্রীবাহী বাস ও ট্রেনে উঠে যাত্রীদের হাতে তা তুলে দেন। অটোরিকশাচালকরাও নিজ উদ্যোগে পোস্টার লাগিয়ে এই প্রচারে সাহায্য করেন।
গত সেপ্টেম্বরের শেষ দিকে মাত্র ৬০টি প্রদর্শনী ও প্রথম দিনে ১০ লাখের কম আয় নিয়ে নীরবেই প্রেক্ষাগৃহে মুক্তি পায় ছবিটি। তবে দর্শকদের ইতিবাচক প্রচার এবং ‘মাউথ প্রপাগাণ্ডা’-এর কল্যাণে বক্স অফিসের চিত্র পুরোপুরি বদলে যায়। প্রথম সপ্তাহে ৬ কোটি ২০ লাখ এবং দ্বিতীয় সপ্তাহে ৪৮ কোটি রুপি আয়ের পর কর্ণাটকের ১১০০টিরও বেশি পর্দায় প্রদর্শিত হতে শুরু করে ছবিটি। ‘কান্তারা’ ও ‘কেজিএফ’-এর মতো জনপ্রিয় সিনেমার পাশে এখন কন্নড় ইন্ডাস্ট্রির শীর্ষ আয়ের ছবির তালিকায় জায়গা করে নিয়েছে ‘প্রেমাদ ওরালি’। ছবিটির সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেছেন যশ ও ঋষভ শেঠির মতো তারকারাও।
সকালবেলা / নুসরাত