ষষ্ঠ শ্রেণি থেকেই বাধ্যতামূলক হচ্ছে কারিগরি শিক্ষা: শিক্ষামন্ত্রী

প্রকাশ: শনিবার, ২০ জুন ২০২৬, ১২:৪১ অপরাহ্ণ
ষষ্ঠ শ্রেণি থেকেই বাধ্যতামূলক হচ্ছে কারিগরি শিক্ষা: শিক্ষামন্ত্রী

অনলাইন ডেস্ক: দেশের শিক্ষাব্যবস্থাকে বিশ্বমানের ও যুগোপযোগী করে গড়ে তুলতে ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। কর্মমুখী শিক্ষার মাধ্যমে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকার বিভিন্ন বাস্তবমুখী উদ্যোগ নিচ্ছে বলেও জানান তিনি।

গতকাল শুক্রবার (১৯ জুন) সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে রোটারি বাংলাদেশ আয়োজিত ‘লিডার্স ট্রেনিং সেমিনার’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান সরকার শিক্ষাব্যবস্থার আধুনিকায়নে নিরলস কাজ করছে এবং কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। কেবল তত্ত্বীয় শিক্ষার ওপর নির্ভর না করে শিক্ষার্থীদের স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে এই পরিকল্পনা নেওয়া হয়েছে। আর এ লক্ষ্য বাস্তবায়নেই ষষ্ঠ শ্রেণি থেকেই মূল পাঠ্যবইয়ে কারিগরি শিক্ষাকে অন্তর্ভুক্ত ও বাধ্যতামূলক করা হচ্ছে।

শিক্ষাক্ষেত্রে শৃঙ্খলা ও স্বচ্ছতা ফিরিয়ে আনার প্রত্যয় ব্যক্ত করে তিনি আরও বলেন, সদ্য পাস হওয়া পাবলিক পরীক্ষা আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করা হবে। এখন থেকে ডিজিটাল পদ্ধতিতে পরীক্ষার হলে নকলের সঙ্গে জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

সবাইকে ঢালাওভাবে উচ্চশিক্ষায় উৎসাহিত করে দেশে শিক্ষিত বেকারত্ব বাড়ানো যাবে না উল্লেখ করে মন্ত্রী বলেন, আমাদের দেশের তরুণদের বৈশ্বিক বাজারের উপযুক্ত ও কর্মমুখী শিক্ষার মাধ্যমে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে হবে। সরকার সেই লক্ষ্যেই শিক্ষা খাতের পরিমার্জন ও নতুন নতুন উদ্যোগ বাস্তবায়ন করছে।

মন্তব্য করুন