যশোরের শীর্ষ সন্ত্রাসী দাঁতাল বাবু গ্রেপ্তার

প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ০৮:০১ অপরাহ্ণ
যশোরের শীর্ষ সন্ত্রাসী দাঁতাল বাবু গ্রেপ্তার

বিশেষ প্রতিনিধি: হত্যা, অস্ত্র, বিস্ফোরক ও চাঁদাবাজিসহ দেড় ডজনেরও বেশি মামলার আসামি এবং যশোর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সাইদুজ্জামান বাবু ওরফে ‘দাঁতাল বাবুকে’ গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁর অন্যতম সহযোগী আজম রতনকেও আটক করা হয়।

বুধবার (১২ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে যশোর শহরের মণিহার এলাকা থেকে উপশহর পুলিশ ফাঁড়ির একটি অভিযান দল তাঁদের গ্রেপ্তার করে।

আটক সাইদুজ্জামান বাবু যশোর শহরের আরবপুর বিমানবন্দর সড়ক এলাকার মৃত হাসেম আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে ওই এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড ও চাঁদাবাজির সঙ্গে যুক্ত ছিলেন। তাঁর সহযোগী আজম রতন পুরাতন কসবা কাঁঠালতলা এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, সম্প্রতি যশোর শহরতলির রামনগর এলাকায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের মশাল মিছিলের ঘটনায় দায়ের করা একটি হত্যা ও নাশকতামূলক মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন সাইদুজ্জামান বাবু। দীর্ঘদিন আত্মগোপনে থেকে তিনি এবং তাঁর সহযোগীরা বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলেন।

বিষয়টি নিশ্চিত করে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) আহসান হাবীব জানান, দাঁতাল বাবু একজন শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজ। তাঁর বিরুদ্ধে ১৮টির বেশি গুরুতর মামলা রয়েছে। ঘটনার সঙ্গে যুক্ত অন্যান্য সহযোগীদের চিহ্নিত করতে গ্রেপ্তার দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং মামলা দায়েরের পর আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন