আগস্টের প্রথম ৩ দিনে এলো ৪০৬ মিলিয়ন ডলার রেমিট্যান্স

প্রকাশ: মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ণ
আগস্টের প্রথম ৩ দিনে এলো ৪০৬ মিলিয়ন ডলার রেমিট্যান্স
জাতীয় ডেস্ক : চলতি আগস্ট মাসের প্রথম ৩ দিনেই দেশে ৪০৬ মিলিয়ন (৪০ কোটি ৬০ লাখ) মার্কিন ডলারের প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে। আগের বছর বা ২০২৫ সালের আগস্টের একই সময়ে এর পরিমাণ ছিল ২২০ মিলিয়ন মার্কিন ডলার।বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত সর্বশেষ হালনাগাদ তথ্য থেকে এ চিত্র জানা গেছে।বাংলাদেশ ব্যাংকের দেওয়া তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, শুধু ৩ আগস্ট এক দিনেই দেশে রেমিট্যান্স এসেছে ১৩৩ মিলিয়ন (১৩ কোটি ৩০ লাখ) মার্কিন ডলার।অন্যদিকে, চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরু থেকে ৩ আগস্ট পর্যন্ত (১ জুলাই থেকে ৩ আগস্ট) প্রবাসীরা দেশে মোট ৩ দশমিক ২৬৫ বিলিয়ন (৩২৬ কোটি ৫০ লাখ) মার্কিন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন। গত ২০২৫-২৬ অর্থবছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল ২ দশমিক ৬৯৮ বিলিয়ন মার্কিন ডলার।হিসাব অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরের ৩ আগস্ট পর্যন্ত রেমিট্যান্স প্রবাহ আগের অর্থবছরের একই সময়কালের তুলনায় ২০ দশমিক ৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। প্রবাসীদের পাঠানো আয়ের এই উর্ধ্বমুখী ধারা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও সামগ্রিক অর্থনীতিকে আরও গতিশীল করবে বলে মনে করছেন খাত সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।

মন্তব্য করুন